ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া জেলায় চাঞ্চল্যকর এক ঘটনার অবসান ঘটেছে। হত্যার অভিযোগে এক নির্দোষ ব্যক্তির দুই বছরের বেশি সময় কারাবাসের সাত বছর পর জীবিত সন্ধান মিলেছে সেই নারীর, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল। এ ঘটনায় তদন্তের গাফিলতি এবং অবসরপ্রাপ্ত তদন্ত কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ৩ জুলাই মান্ডিয়ার পাণ্ডবপুরা এলাকার বাসিন্দা মঞ্জু নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় বাবার বাড়ি ছেড়ে চলে যান। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাড়িতে জরুরি ফোন করার জন্য পথচারী রাজেশের কাছ থেকে মোবাইল ফোন ধার নেন তিনি। রাজেশ রাগিমুদ্দানাহাল্লি এলাকার বাসিন্দা। পরে ভালোবাসার মানুষকে বিয়ে করতে চলে যান মঞ্জু। পরবর্তীতে মঞ্জু বাড়ি না ফেরায় তার বাবা নাগারাজু থানায় নিখোঁজের অভিযোগ করেন। পুলিশ মঞ্জুর সর্বশেষ ফোনকলের সূত্র ধরে রাজেশের মোবাইল নম্বর শনাক্ত করে। তবে ২০২১ সালে অমীমাংসিত হিসেবেই নিখোঁজের মামলাটি বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০২১ সালের ১১ আগস্ট অনন্তপদ্মনাভ ও গুরু কুমার নামে দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন করে অভিযোগ করেন নাগারাজু। তাদের দাবি ছিল, ২০১৯ সালে রাজেশ মঞ্জুকে অপহরণ করে হত্যা করেন এবং তার মরদেহ কাবেরী নদীতে ফেলে দেন।
দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলোদুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো
এ অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা দায়ের করে। তৎকালীন তদন্ত কর্মকর্তা পরিদর্শক প্রভাকর রাজেশকে গ্রেফতার করেন। মরদেহ উদ্ধার না হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করেন এবং সাক্ষীদের বক্তব্য ও কথিত স্বীকারোক্তির ভিত্তিতে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর দুই থেকে আড়াই বছর বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হয় রাজেশকে। পরে বাবার সহযোগিতা ও আইনজীবীর প্রচেষ্টায় জামিনে মুক্তি পান তিনি।
জামিনে মুক্তি পাওয়ার পরও নিজের নির্দোষ হওয়ার দাবি থেকে সরে আসেননি রাজেশ। তার আইনজীবীরা স্বাধীনভাবে অনুসন্ধান চালিয়ে মান্ডিয়ার নাগামঙ্গল এলাকার কাছে মঞ্জুর সন্ধান পান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি।
রাজেশের আইনজীবী পুলিশকে বিষয়টি জানানোর পর বিন্দিগানাভিলে থানায় নতুন করে মামলা করা হয়। পরে মঞ্জুকে নারীদের আশ্রয় ও কাউন্সেলিং কেন্দ্র সন্ত্বনা কেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজেশকে সম্পূর্ণ নির্দোষ বলে জানান মঞ্জু। তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার পর তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সে বিষয়ে কিছুই জানতেন না তিনি’।
মঞ্জু পুলিশকে বলেন, ‘রাজেশ কে, তা-ও আমি জানি না। আমার বাবা কেন এমন মামলা করেছেন, সেটিও বুঝতে পারছি না। তিনি সম্পূর্ণ নির্দোষ। যেকোনও জায়গায় আমি এ বক্তব্য দিতে প্রস্তুত’।
সূত্র: এনডিটিভি