তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেছেন, মজুরি বোর্ড গঠনের পরও কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ পরিস্থিতির মাধ্যমে চাপের মুখে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান প্রমুখ।
মাহমুদ হাসান খান বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে। অথচ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই। গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’
তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার অর্থ হলো, চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার পরিবেশ তৈরি করা।
মাহমুদ হাসান খান জানান, চলমান অস্থিরতায় সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানা চেষ্টা করেও উৎপাদন সচল রাখতে পারছে না। আজ শনিবারও এই অঞ্চলের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল এবং ৯২টি কারখানা উৎপাদন শুরুর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ছুটি দিতে বাধ্য হয়েছে।
তিনি পরিষ্কার করেন যে, যেসব কারখানা নিয়মিত উৎপাদন চালাতে পারছে, তাদের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ করার কোনো বিধান নেই। তবে যারা শত চেষ্টা করেও এক ঘণ্টার বেশি উৎপাদন চালাতে পারছেন না, দেশের যেকোনো অঞ্চলেরই হোক না কেন, নিরাপত্তা ও পরিবেশের অভাবে আইনগতভাবেই তাদের কারখানা বন্ধ রাখার অধিকার রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মাহমদু হাসান খান বলেন, কারা অরাজকতা করছেন, সেটি চিহ্নিত করা বিজিএমইএর পক্ষে সম্ভব নয়। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে কাজ করছে। যারা এই অরাজকতা করছেন, তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নেটওয়ার্কের মধ্যে এসেছেন।
এর আগে শনিবার সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের নিয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সভায় অংশগ্রহণকারী সদস্যদের মতামত তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধের মতো ঘটনা চলতে থাকলে একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা চালানোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আমরা আগামী ১৬ নভেম্বর (সোমবার) মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেব। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরিস্থিতির উন্নতি না হলে আবারও আমরা আবার বসে সিদ্ধান্ত নেব।