ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় ৭২৩ দফা বিমান ও স্থল হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এতে হুথিদের ৩২১ জন কমান্ডার ও যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন বলে দাবি ইয়েমেনের সামরিক বাহিনীর।
শনিবার (১৪ জুন) দেশটির সরকারের অন্যতম মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ৭২৩টি হামলার মধ্যে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা, ৮৯টি রকেট হামলা এবং ৫৪১টি কামান হামলা ছিল। এসব হামলায় হুথিদের অবস্থান, যোদ্ধাদের সমাবেশ, সামরিক যান ও অস্ত্রশস্ত্র লক্ষ্যবস্তু করা হয়েছে।
সরকারের এই মুখপাত্র আরও বলেছেন, তাইজ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিজটেন্সের সহায়তায় সরকারি বাহিনীর লড়াই অব্যাহত আছে। এছাড়া মারিব ও আল-জাওয়াফেও সংঘর্ষের তথ্য জানিয়েছেন তিনি। এর পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রন্টগুলোতেও লড়াই চলছে বলে এক্সে জানান তিনি।
সামরিক মুখপাত্রের বিবৃতিতে দাবি করা হয়েছে, এসব অভিযান শুধু বৈধ সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বেসামরিক মানুষ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে।
মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলির দাবি, সর্বশেষ হামলায় হুথিদের ৩২১ জন যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া ১১৭টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইয়েমেনে অবস্থানরত সৌদি আরবের সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
শনিবার (১৪ নভেম্বর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের খারাজের লাহিজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি বাহিনীর কয়েক ডজন সেনা নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া অসংখ্য সামরিক যানও ধ্বংস হয়েছে বলে জানান ইয়াহিয়া সারে।
সূত্র: আরব নিউজ