ফ্যাসিবাদের দোসররা নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ জন্য বিএনপি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সাদিক কায়েম।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিএনপি সরকারের ব্যর্থতার কারণে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে, প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে আজ তারা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার সুযোগ পাচ্ছে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি বলেন, দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে তাঁর সব দোসরের রায়ও কার্যকর করতে হবে। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।