মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল টেম্পু, চালক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে টেম্পু গাড়ি (টিকটিকি) সড়কের ওপর উল্টে মো. সুমন (২৭) নামের এক সিএনজিচালিত টেম্পুচালক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকার নুর ইসলামের ছেলে। বর্তমানে পরিবারসহ মির্জাপুর এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার দিকে নাজিরহাটমুখী একটি সিএনজিচালিত টেম্পু গাড়ি (টিকটিকি) হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ব্রেক করে দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় টেম্পুটি সড়কের ওপর উল্টে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সুমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে টেম্পুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।