টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন ও ভাঙচুর চালানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারেও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে ওই সব আগুন ও ভাঙ্চুরের পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে বলেন, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তাদের দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।

মোক্তার হোসেন আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব তাণ্ডব চালিয়েছেন।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে কি না, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।