মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি

ফেসবুক ব্যবহারকারীদের সুস্পষ্ট সম্মতি ছাড়াই তাদের ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি) জরিমানা করেছে ইতালি। 

শনিবার (১৪ নভেম্বর) ইতালির ডেটা প্রাইভেসি অথরিটি ‘গারান্তে’ এ তথ্য জানিয়েছে। 

তারা বলেছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপ ইতালিয়ানদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং এগুলোর সঙ্গে থাকা মেটাডাটা সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে। মূলত ফেসবুক ব্রাউজ করার সময় গ্যালারি থেকে ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেয়ার সময় ফেসবুক এ কাজটি করে থাকে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই ফিচারটি ইইউ-এর ই-প্রাইভেসি ডিরেক্টিভ ও ইতালির আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গারান্তে জানায়, ছবির ক্ষেত্রে ফেসবুকের সম্মতি নেয়ার প্রক্রিয়াটি অত্যন্ত অস্পষ্ট এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা এই সম্মতি দিয়ে মূলত কী ধরনের নির্দিষ্ট অনুমতি দিচ্ছেন তা পুরোপুরি বুঝতে পারেন না। এ ছাড়া পরামর্শের এই অপশনটি স্বয়ংক্রিয়ভাবেই চালু করা ছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, মেটাকে জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি এই বিষয়টি সমাধান করতে হবে। তাদের ধারণা, এতে ইতালির প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ক্ষতি হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের জন্য এই সামগ্রীগুলো ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখেনি গারান্তে। মেটা অবশ্য তা অস্বীকার করেছে।
শাস্তির বিষয়ে মেটার পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাদের।

সূত্র: আল জাজিরা