বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ নিয়ে এসেছে যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ ২০২৭। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। স্বল্পোন্নত ও নিম্ন-মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ দেশে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করাও এ বৃত্তির অন্যতম উদ্দেশ্য।
বৃত্তির আওতায় যা থাকছে
নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি যুক্তরাজ্যে যাওয়া ও দেশে ফেরার বিমানভাড়া এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক ভাতা দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৭১২ পাউন্ড এবং লন্ডন মহানগর এলাকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২ হাজার পাউন্ড করে পাবেন।
এ ছাড়া থিসিস বা গবেষণাপত্র তৈরির জন্য অনুদান, শিক্ষাসংশ্লিষ্ট ভ্রমণ ব্যয় এবং অতিরিক্ত মালপত্র পরিবহনের খরচ দেওয়া হবে। বিধবা, তালাকপ্রাপ্ত ও অবিবাহিত একক অভিভাবক শিক্ষার্থীদের সন্তানদের জন্যও বিশেষ ভাতার ব্যবস্থা রয়েছে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
কলা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে বৃত্তির ক্ষেত্রে ছয়টি উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন; উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার; বৈশ্বিক সমৃদ্ধি; স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন; সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক এবং ওই দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট দেশের শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তি কিংবা ব্রিটিশ প্রটেক্টেড পারসনরাও আবেদন করতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা শুরু করার প্রস্তুতি থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির উচ্চতর (২:১) ফল থাকতে হবে। দ্বিতীয় শ্রেণির নিম্নতর (২:২) ফলধারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতক অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
এ ছাড়া উচ্চ আয়ের কোনো দেশে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময় পড়াশোনা কিংবা চাকরির অভিজ্ঞতা থাকা যাবে না। বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার ব্যয় বহনের আর্থিক সামর্থ্যও থাকা যাবে না।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলিজসহ মোট ৪৪টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনপ্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহীদের নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদন ফরম পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রস্তাবিত শিক্ষা পরিকল্পনার মান এবং নিজ দেশের উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬।