গাজীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই ১৩টি বসতঘর

গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে এক প্রবাসীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং একটি দোকানে পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীপুরের স্টেশন অফিসার নুরুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, পুড়ে যাওয়া বাড়িটির মালিক নিশাত ঢালী সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকেন। তার স্বজন বাবুল মিয়া বলেন, বছর দেড়েক আগে নিশাত ঢালী ১৩টি বসত ঘর, দুটি দোকানসহ এ বাড়িটি কিনেন। বাড়ির ঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ও দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেওয়া ছিল।

তিনি উল্লেখ করেন, রোববার সকালে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে। মুহূর্তেই আগুন পেছনে থাকা বসত ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে, পাশাপাশি শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুনে নেভানোর আগে সব বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।