গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার সকাল পৌনে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকদের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় আসেন। তবে কর্মস্থলে প্রবেশ না করে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের সরিয়ে দেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।