সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর আরেকটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে। শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
পাকিস্তানের কাছে এমন হৃদয়বিদারক হারের পর দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তার ভুলেই গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশের এই গোলরক্ষক।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শ্রাবন লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
অন্যদিকে, জামাল ভূঁইয়ার কথায় ঝড়েছে ক্ষোভ, অভিমান ও হতাশা। পাকিস্তানের বিপক্ষে দলের কৌশল ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টিম হোটেল ছাড়ার সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক খারাপ লাগছে। ঠিকমতো ঘুমাতে পারছি না। সারা রাত, ভোর ছয়টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। আমার খুব রাগ হয়েছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। তিনি আরও বলেন, ‘আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর একটা কারণ হতে পারে কৌশলগত ঘাটতি। পাকিস্তান কি আমাদের জন্য খুব নতুন কোনো কৌশল নিয়ে এসেছিল? তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটা তো আমাদের জানা ছিল। সাধারণত পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলার কিছু কৌশল বা সমাধান থাকে। কিন্তু এই ম্যাচে আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। বিষয়টি হতাশাজনক।’