নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া দলীয় পদসহ রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন নির্যাতন, হামলা, মামলা, হয়রানি ও সম্পদ লুটপাটের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন মিয়া জানান, ১৯৯৭ সালে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন) কলেজ কমিটির মুখ্য সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হন। পরবর্তী সময়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তার পরিবারের সদস্যদের কারণে তাকে বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারের একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তার ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার ওপর হামলা চালিয়ে বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুট করা হয় বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বিরুদ্ধে ১৬টি মামলা দেওয়া হয় এবং হাসপাতাল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এসব মামলায় তাকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরবর্তী সময়ে আদালত থেকে মামলাগুলোতে অব্যাহতি পান বলে তিনি জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর তার পরিবার ও সালথার আটটি ইউনিয়নের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মামলা ও হয়রানি চালানো হয়েছে। এতে বহু নেতাকর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে অবহিত করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

দেলোয়ার হোসেনের দাবি, তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জনকল্যাণে কাজ করতে না পারলে পদে থাকার কোনো অর্থ নেই। তাই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে দুঃখ-কষ্টের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান। সংবাদ সম্মেলনে এসময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু নিরুদ্দেশ রয়েছেন। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এতে সংবাদ সম্মেলনের পরে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুর ব্যবহৃত হোয়াটস অ্যাপসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

একইভাবে অভিযুক্ত ও সংশ্লিষ্ট অন্যদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।