পায়ুপথে ১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট, বিমানবন্দরে পাকড়াও পাচারকারী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ও স্ক্যানিংয়ের চোখ ফাঁকি দেওয়া যে কতটা অসম্ভব, তার আরও একটি চাঞ্চল্যকর প্রমাণ মিলল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তাদের তল্লাশিতে অভিনব কায়দায় শরীরের সংবেদনশীল স্থান অর্থাৎ পায়ুপথে ৪টি ‘সোনার ডিম’ এবং অন্তর্বাসে পেস্ট লুকানোর সময় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সোনা ও স্বর্ণসদৃশ বস্তসহ দুবাই ফেরত এক পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন কাস্টমস কর্মকর্তারা। পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।

১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট

এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি।

তবে এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।