বিশ্ববাজারে ১৩ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম, দেশের বাজারেও কমেছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। টানা কয়েক দিনের দরপতনে বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। শুক্রবার দাম কিছুটা বাড়লেও গত সপ্তাহে সামগ্রিকভাবে সোনার দাম কমেছে প্রায় সাড়ে ৪ শতাংশ। গত জুনের পর এটিই স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৫২ ডলার ১০ সেন্টে নেমে আসে। ২০২৫ সালের অক্টোবরের পর এটিই ছিল সোনার সর্বনিম্ন দাম। তবে শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়িয়ে দিনের শেষ ভাগে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭৯ ডলার ৭১ সেন্টে। এক দিনে দাম বাড়লেও পুরো সপ্তাহের হিসাবে দরপতন অব্যাহত ছিল।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। গত সপ্তাহে টানা পাঁচ দফায় দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম কমেছে প্রায় ১২ হাজার টাকা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ার আশঙ্কা সোনার দাম কমার অন্যতম কারণ। সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার সম্ভাবনায় ডলারের দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মার্কিন সরকারি বন্ডের মুনাফা। অন্যদিকে সোনা থেকে বিনিয়োগকারীরা কোনো সুদ বা লভ্যাংশ পান না। ফলে তুলনামূলক বেশি মুনাফার আশায় অনেক বিনিয়োগকারী সোনা থেকে অর্থ সরিয়ে বন্ডে বিনিয়োগ করছেন।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণও সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সোনার দামের পতনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সর্বশেষ পরিসংখ্যানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটিতে অক্টোবরে ভোক্তা মূল্যসূচক আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল শূন্য দশমিক ৩ শতাংশ। মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির কারণে ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

সুদের হারের সঙ্গে সোনার দামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সোনা থেকে কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে বিনিয়োগ করলে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। তাই সুদের হার বেশি থাকলে বন্ডে বিনিয়োগের আকর্ষণ বাড়ে। এতে অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করে বন্ডে অর্থ বিনিয়োগ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা ৫ দশমিক ১৫ শতাংশের কাছাকাছি। একই সময়ে ডলারের দরও বেড়েছে, যা সোনার দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

তবে দরপতনের পর কম দামে সোনা কেনার আগ্রহও দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে। বিনিয়োগের ভাষায় এ প্রবণতাকে বলা হয় ‘বার্গেইন হান্টিং’। কোনো সম্পদের দাম অনেকটা কমে গেলে ভবিষ্যতে দাম বাড়ার আশায় বিনিয়োগকারীদের একাংশ সেটি কিনতে শুরু করেন। তাঁদের ধারণা, বর্তমান দরপতন সাময়িক হতে পারে। তাই কম দামে কিনে রাখলে পরবর্তী সময়ে লাভের সুযোগ তৈরি হবে।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, বৃহস্পতিবারের বড় দরপতনের পর স্বল্পমেয়াদি বাজার সূচকগুলোতে সোনা অতিরিক্ত বিক্রি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে কিছু বিনিয়োগকারী কম দামে সোনা কেনার সুযোগ নিয়েছেন। শুক্রবারও একই প্রবণতা দেখা গেছে। তবে এর অর্থ এই নয় যে সোমবার থেকেই সোনার দাম বাড়তে শুরু করবে।

বিশ্লেষকদের একাংশের ধারণা, আগামী সপ্তাহেও সোনার দাম কমতে পারে। কিটকো নিউজের সাপ্তাহিক জরিপে অংশ নেওয়া অধিকাংশ বিশ্লেষকও সোনার দাম আরও কমার পূর্বাভাস দিয়েছেন। ব্যানকবার্ন গ্লোবাল ফরেক্সের ব্যবস্থাপনা পরিচালক মার্ক চ্যান্ডলার বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন এসেছে। এতে সোনার দামের ওপর চাপ তৈরি হয়েছে। ফলে সোনার নিম্নমুখী প্রবণতা শেষ হয়ে গেছে, এমনটা মনে করার সুযোগ নেই।

তবে দীর্ঘ মেয়াদে সোনার চাহিদা কমে যাওয়ার আশঙ্কা দেখছেন না বিশ্লেষকেরা। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার কারণে ভবিষ্যতেও সোনার চাহিদা বজায় থাকতে পারে। তবে স্বল্প মেয়াদে সোনার বাজারের গতিপথ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির পরবর্তী পরিসংখ্যান, ডলারের দর এবং ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর।