স্বামীর মাধ্যমেই এনভিডিয়ার জেনসেনের সঙ্গে পরিচয় চীনা নারীর

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা নারী অ্যালিস হুয়াংয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন তার স্বামী ব্যবসায়ী কাং ওয়েই। সেই পরিচয় থেকেই পরে জেনসেন ও অ্যালিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, কাংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরিচয় ছিল প্রায় এক দশকের। তাদের পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি জানতেন এমন কয়েকজনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, অ্যালিসের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠতার বিষয়টি কাং অন্তত দুই বছর ধরে জানতেন। এমনকি পরিচিতদের কাছে মাঝেমধ্যে রসিকতা করে স্ত্রীকে জেনসেনের ব্যক্তিগত সহকারী বলেও উল্লেখ করতেন তিনি।

তবে ঠিক কখন কাং তার স্ত্রীকে জেনসেনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে জেনসেনের সঙ্গে অ্যালিসের সম্পর্ক এবং কাংয়ের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দেশের তদন্তকারীদের আগ্রহ বাড়ছে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, জেনসেনের সঙ্গে অ্যালিসের ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়ে তাকে তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করতে পারে চীনা গোয়েন্দা সংস্থাগুলো।

অন্যদিকে, জেনসেনের বিরুদ্ধে নতুন করে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও পদ থেকে সরিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি স্বীকার করেন জেনসেন। একই সঙ্গে পরিবার ও সহকর্মীদের বিশ্বাসে আঘাত করার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

ব্যক্তিগত সম্পর্ক থেকে বিস্তৃত ব্যবসায়িক যোগাযোগ

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কাং ও অ্যালিস তাদের ব্যক্তিগত যোগাযোগ এবং পরিচিতজনদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে চীন, সিঙ্গাপুর ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে ব্যবসার সুযোগ তৈরি করেন। গত এক দশকে ভিডিও গেম, ওষুধশিল্প, শেয়ারবাজার এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন তারা।

ব্যবসা সম্প্রসারণের জন্য একাধিক প্রতিষ্ঠান গঠন, কোম্পানির মালিকানা পরিবর্তন এবং বিভিন্ন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এই দম্পতি। সাম্প্রতিক সময়ে তাদের ব্যবসার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে ওঠে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ।

তবে এসব ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি জেনসেনের সঙ্গে অ্যালিসের যোগাযোগও এখন তদন্তের আওতায় এসেছে।

অ্যালিসের প্রতিষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের তদন্ত

সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড সেবা প্রতিষ্ঠান মেগাস্পিডকে ঘিরে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ চীনে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মেগাস্পিড এনভিডিয়ার চিপ সংযুক্ত কয়েকটি সার্ভার চীনে পাঠিয়েছিল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতি লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে অ্যালিস হুয়াংয়ের তাইওয়ান সফর নিয়েও জটিলতা তৈরি হয়েছে। তার প্রবেশের অনুমতি বাতিল করে দ্বীপটিতে ফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের কর্তৃপক্ষ। এর আগে তিনি একাধিকবার সেখানে জেনসেন হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

তাইওয়ানের কর্মকর্তারা এখন খতিয়ে দেখছেন, এসব সফরের সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহের কোনো যোগসূত্র রয়েছে কি না। পাশাপাশি দেশটির অনুপ্রবেশবিরোধী আইন লঙ্ঘনের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের জুলাই ও আগস্টের দিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ অ্যালিসকে আটক করে এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। তবে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে অ্যালিস চীনে অবস্থান করছিলেন।

সিঙ্গাপুর সরকার জানিয়েছে, মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত চলছে। তবে অ্যালিসের চীনের সঙ্গে যোগাযোগের বিষয়ে কোনো তদন্ত করা হয়নি বলে জানিয়েছে দেশটি। তাঁর আটকের বিষয়ে জানতে চাওয়া হলেও সরকার বিস্তারিত কিছু জানায়নি।

অন্যদিকে, চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হয়েছিলেন কাং ওয়েই। কয়েকটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ারবাজারে কারসাজির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। পরিচিত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির পর তিনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন।

যেভাবে গড়ে ওঠে কাং-অ্যালিসের ব্যবসায়িক নেটওয়ার্ক

পঞ্চাশোর্ধ্ব কাং ওয়েই চীনের একজন পরিচিত ফান্ড ম্যানেজার ছিলেন। ২০১০ সালে তিনি সাংহাই হেক্সি নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। অন্যদিকে, চল্লিশোর্ধ্ব অ্যালিস হুয়াং ২০০০-এর দশকের শেষ দিকে হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কাং ও অ্যালিসের প্রথম পরিচয়ের সময় জানা না গেলেও তাদের ব্যবসায়িক অংশীদারত্বের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সাংহাই হেক্সি। কোম্পানির নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, ২০১৬ সাল থেকে তাঁরা যৌথভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করেন।

ভিডিও গেমসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল সাংহাই হেক্সির অন্যতম কাজ। এসব বিনিয়োগের সূত্র ধরেই ২০১০-এর দশকে কাংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরিচয় হয়। সে সময় এনভিডিয়ার ব্যবসার বড় অংশজুড়ে ছিল ভিডিও গেমের জন্য চিপ তৈরি।

কাংয়ের বিনিয়োগ করা একটি প্রতিষ্ঠানের সাবেক এক কর্মী ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, এশিয়ায় দুই ব্যবসায়ীর মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে তিনি সহায়তা করেছিলেন।

তবে ২০১৮ সালে চীনের সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার জরিমানার মুখে পড়ে কাং ও তার প্রতিষ্ঠান। একটি ওষুধ কোম্পানিতে নিজেদের মালিকানার পরিমাণ প্রকাশ না করা এবং অধিগ্রহণসংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কাং ও তাঁর প্রতিষ্ঠান শুনানিতে সিদ্ধান্তের বিরোধিতা করলেও তা পরিবর্তন হয়নি।

পরবর্তী সময়ে কাং ও অ্যালিস ক্লাউড কম্পিউটিং ব্যবসায় মনোযোগ দেন। এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান দূরবর্তী সার্ভার ব্যবহার করে কম্পিউটিং সুবিধা পেয়ে থাকে। তাঁদের পরিচালিত একটি তহবিলের আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে চীনের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগও তৈরি হয়।

২০২৩ সালে তারা এআই ডেটা সেন্টার খাতে প্রবেশ করেন। কোম্পানির নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, আগে বিনিয়োগ করা একটি ভিডিও গেম প্রতিষ্ঠানের সিঙ্গাপুর শাখা অধিগ্রহণ করেন তারা। একই বছরের মার্চে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় মেগাস্পিড ইন্টারন্যাশনাল। সেখানে পরিচালক হিসেবে অ্যালিসের নাম নিবন্ধিত হয়। কাংও ব্যবসা সম্প্রসারণে তার সঙ্গে কাজ করেন।

এনভিডিয়ার চিপ পাওয়ার সুযোগ তৈরি হয় যেভাবে

মেগাস্পিডের ব্যবসা শুরুর ক্ষেত্রে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এআই খাতে ব্যবসা বাড়াতে আগ্রহী আলিবাবা চীনের বাইরে এনভিডিয়ার চিপ ব্যবহার করে পরিচালিত ডেটা সেন্টার থেকে কম্পিউটিং সুবিধা পাওয়ার জন্য অংশীদার খুঁজছিল।

এদিকে ২০২২ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ শুরু করে। এসব চিপ সামরিক ও নজরদারির কাজে ব্যবহার হতে পারে এমন আশঙ্কা থেকেই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মেগাস্পিড এনভিডিয়াকে জানিয়েছিল, আলিবাবা হবে তাদের প্রধান গ্রাহক। বড় অঙ্কের ব্যবসার সম্ভাবনা দেখিয়ে ২০২৩ সালের নভেম্বরে এনভিডিয়ার ক্লাউড অংশীদার হিসেবে চিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় প্রতিষ্ঠানটি।

এর কিছুদিন পর অ্যালিস তার এক পরিচিতকে জানান, জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। মেগাস্পিডের ব্যবসা দ্রুত শুরু করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, মেগাস্পিড মালয়েশিয়ার বিভিন্ন ডেটা সেন্টারে এনভিডিয়ার চিপযুক্ত সার্ভার স্থাপন করে আলিবাবাকে কম্পিউটিং সুবিধা সরবরাহ করত। তবে কিছু সার্ভার চীনেও পাঠানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এর মধ্যে সাংহাইভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান সেঞ্চুরি লিটংয়ের কাছে পাঠানো সার্ভারও ছিল। প্রতিষ্ঠানটি সাংহাইয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির মালিকানাধীন। ওই কোম্পানির সঙ্গে কাংয়ের আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সে সময় যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী উন্নত এনভিডিয়া এআই চিপ চীনে রপ্তানি নিষিদ্ধ ছিল। তবে মেগাস্পিডের দাবি, তারা সব সময় রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করেছে। এ বিষয়ে সেঞ্চুরি লিটং কোনো মন্তব্য করেনি।

বিনিয়োগকারীদের কাছে বড় মুনাফার প্রতিশ্রুতি

২০২৪ সালের শেষ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস সাংহাই এবং সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের কাছে ডেটা সেন্টার নির্মাণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় দুটি এবং সাংহাইয়ে একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন তারা।

আলোচনায় অংশ নেওয়া কয়েকজন বিনিয়োগকারীর দাবি, তিন বছরের মধ্যে বিনিয়োগের অর্থ তিন গুণ হয়ে যেতে পারে বলে আশ্বাস দিয়েছিলেন কাং ও অ্যালিস। একই সঙ্গে এনভিডিয়ার চিপ চীনে নেওয়ার পথ তাদের জানা আছে বলেও আত্মবিশ্বাস দেখান।

এই সময়ের মধ্যেই জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের একাধিক সাক্ষাতের তথ্য সামনে আসে। ছবি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে তাইওয়ানে একটি নৈশভোজে তাদের একসঙ্গে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে জেনসেনের মেয়েকে তাদের দুজনের ছবি তুলতেও দেখা গেছে।

সব মিলিয়ে জেনসেনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, মেগাস্পিডের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এনভিডিয়ার এআই চিপ চীনে পাঠানোর অভিযোগ এই তিনটি বিষয় এখন কাং ও অ্যালিসকে ঘিরে চলমান তদন্তের কেন্দ্রে রয়েছে।