রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুইজনকে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার তারাগঞ্জ, রংপুরের পাগলাপীর-গঞ্জীপুর সড়ক ও জেলার কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায় পৃথক তিনটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২), নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার (৪০), কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫) এবং সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী।
তারাগঞ্জে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
রংপুর জেলার তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুইজনকে হত্যার অভিযোগ উঠেছে। এতে নিহতরা হলেন মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম (৩০) নামে আরেকজন যাত্রী। বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক আজির উদ্দিন ও তার সহকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিহত মুকুল মিয়ার বাবা মহুবার রহমান ওরফে কালু মিয়া বাদী হয়ে মামলা করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা তারাগঞ্জ হাইওয়ে পুলিশের শামিদুল্লাহ্ সরকার।
অন্যদিকে তারাগঞ্জ থানা পুলিশের ওসি ইজার উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, জিম্মি করে টাকা নেওয়া এবং বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগটি সঠিক কিনা, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে । মামলার এজাহারে অনেক কিছু বলা হয়েছে, তদন্ত না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশকে।
বাস-সিএনজির সংঘের্ষ শিক্ষকসহ নিহত ২
এদিকে রোববার ভোরে রংপুরের পাগলাপীর-গঞ্জীপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজশিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
এতে নিহতরা হলেন- দীবা রানী সরকার (৪০) ও আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) জনক রায়।
স্থানীয়দের বরাতে এসআই জনক রায় জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনসার সদস্য মেহেরুল মারা যান। পরে গুরুতর আহত অন্যদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক দীবা রানী সরকার মারা যান।
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ী সাইফুল কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল।
স্থানীয়দের বরাতে ওসি বাদল কুমার মন্ডল জানান, রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট থেকে মোটরসাইকেলে করে রংপুরের দিকে আসছিলেন সাইফুল। তিনি ভেলুপাড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান সাইফুল। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।