সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বাবা, পথরোধ করে কু’পিয়ে হ’ত্যা 

ময়মনসিংহ মহানগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত জামান স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে জড়িত ছিলে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন কোতোয়ালী থানার মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানসহ মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে গতি কমালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন ২৬ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।