হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। খামারবাড়ির বিভিন্ন ভবন ও বনের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ২ কোটি ডলার পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক জাতীয় উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে ঘিরে একটি দুর্নীতির চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ভিক্টর অরবান টানা ১৬ বছর হাঙ্গেরির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই সময়ে চার বছর জাতীয় উন্নয়নমন্ত্রীর দায়িত্বে ছিলেন শেস্তাক।
উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলার। বিপুল পরিমাণ এই নগদ অর্থ গুনতে পাঁচটি মেশিন ব্যবহার করতে হয়েছে। এ কাজে তদন্তকারীদের প্রায় আট ঘণ্টা সময় লাগে।
দুর্নীতির অভিযোগের সূত্র ধরে সাবেক এই মন্ত্রীর সম্পদ ও সংশ্লিষ্ট স্থাপনায় তল্লাশি চালানো হয়। তদন্তের অংশ হিসেবে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং এর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।