রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে হামলা, গুলিবিদ্ধ ২

রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে চাঁদা দাবিকে কেন্দ্র করে ‘স্পীড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

আহত দু’জন হলেন- হাবিব রহমান (২৬) ও সাজু আহমেদ (২৮)। তারা দুজনেই ওই প্রতিষ্ঠানে নেটওয়ার্ককর্মী হিসেবে কর্মরত।

স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজির ম্যানেজার পলাশ জানান, রামপুরার ওয়াপদা রোডে আমাদের অফিসে সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত প্রবেশ করে দুই কর্মচারীকে গুলি করে। হাবিবুরের বাম হাতে গুলিবিদ্ধ হয় ও সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। গুলি করার পর দ্রুত স্থান ত্যাগ করেন দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ কর্মীদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, হাবিবুর ও সাজু আমাদের প্রতিষ্ঠানে নেটওয়ার্ক সেকশনের কর্মচারী। হাবিবুর চাঁদপুরের উত্তর মতলবের দুলাল মিয়ার ছেলে। সাজু ঝালকাঠির নলছিটির রাজপয়সা এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রামপুরা থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তাদের একজনের বাম হাতে ও অন্যজনের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।