নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় গতকাল শনিবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার কামারগাঁও গ্রামের মো. শুভ মিয়া (২৪), মো. নুরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)।
মামলার এজাহার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন শুভ মিয়া। সম্প্রতি তার সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাত ১০টার দিকে বিয়ের কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নেন শুভ। পরে বাড়ির পেছনের একটি জমিতে তারা অপেক্ষা করেন। কিছুক্ষণ পর সেখানে শুভর দুই সহযোগী নুরে আলম ও শাহ আলম যান।
এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে চলে যান শুভ। এ সময় নুরে আলম হত্যার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ফিরে এসে শুভও তাকে ধর্ষণ করেন এবং নুরে আলমকে দিয়ে ঘটনার ভিডিও ধারণ করান। এরপর শাহ আলমও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে বাড়িতে ফিরতে নিষেধ করেন অভিযুক্তরা। ভয়ে বাড়িতে না ফিরে এক বান্ধবীর বাড়িতে রাত কাটান তিনি। পরদিন শনিবার সকালে বান্ধবীর পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চিকিৎসা পরীক্ষার জন্য ওই ছাত্রীকে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে।