উন্নয়নশীল দেশে উত্তরণের প্রভাব

বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে শুধু ভারতের সঙ্গেই বাণিজ্যঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি গন্তব্যে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ফলে ওই অর্থবছরে বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

মন্ত্রী জানান, দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারাবে। এর প্রভাবে ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) ও এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সদস্যদেশ হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ছাড়া অন্য সব পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশসুবিধা পাচ্ছে।

একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আমদানি-রপ্তানির তথ্য অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে। এর মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি সবচেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য।

এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলামের লিখিত প্রশ্নের জবাবে ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্য পরিস্থিতির তথ্য তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, ওই অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি ছিল ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে বাংলাদেশ ভারতে ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ভারত থেকে আমদানি করেছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের পণ্য।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। ২০২৫ সালের মেলায় রপ্তানি আদেশের পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকা। সে হিসাবে গত বছরের তুলনায় এবার রপ্তানি আদেশ ৪২ দশমিক ৭৯ শতাংশ কমেছে।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ ছাড়া কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল গফুরের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে।