সরকারি টাকার নয়ছয় তিন প্রতিষ্ঠানে, দুদকের অভিযানে প্রমাণ

কোথাও সড়ক উন্নয়নকাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ, কোথাও ফাঁকা ভাউচার পূরণ করে প্রশিক্ষণ ব্যয়ের হিসাব তৈরি, আবার কোথাও হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ ও ওষুধের সংকট। সরকারি অর্থ ব্যবহারে এমন নানা অনিয়মের অভিযোগে সাভার, খুলনা ও ঝিনাইদহের তিনটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৫ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম। পাশাপাশি কয়েকটি অনিয়মের প্রাথমিক তথ্যও পাওয়া গেছে।

দুদক সূত্রে জানা যায়, সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ, দরপত্র ও পিআইসি প্রক্রিয়ায় অনিয়ম, কাজ না করেই বিল উত্তোলন এবং প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানকালে অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন সড়ক উন্নয়নকাজের দরপত্র, কার্যাদেশ ও কাজের অগ্রগতি প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এসব নথি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করবে দুদক। এ বিষয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অন্যদিকে খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রশিক্ষণ কার্যক্রমের বরাদ্দের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘লাইস’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমে এসব অনিয়মের অভিযোগ ওঠে।

দুদকের খুলনার একটি দল কলেজে অভিযান চালিয়ে প্রকল্প গ্রহণের পরিপত্র, প্রশিক্ষণ কার্যক্রমের বাজেট বরাদ্দ ও ব্যয়ের বিবরণী, প্রশিক্ষকদের সম্মানী প্রদানের তথ্য এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির নথিপত্র সংগ্রহ করে।

দুদকের প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় মালামাল কেনার ক্ষেত্রে বিভিন্ন দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে সেগুলো নিজেরা পূরণ করে বিল-ভাউচার তৈরি করা হয়েছে। এ ছাড়া অতিথি বক্তা ও প্রশিক্ষকদের সম্মানী প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হয়রানি, সরকারি অর্থ আত্মসাৎ, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা যন্ত্রপাতি অকেজো রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।

দুদকের ঝিনাইদহের একটি দল অভিযোগ যাচাইয়ে প্রথমে ছদ্মবেশে এবং পরে সরাসরি হাসপাতালে গিয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করে। এ সময় রোগীদের জন্য সরবরাহ করা খাবারের নিম্নমান এবং ওষুধের অপ্রতুলতাসহ বেশ কিছু অনিয়ম নজরে আসে। পরে অভিযোগের বিষয়ে সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। পাশাপাশি অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্রও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।