বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আসামি সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মী

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু এবং সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ১০৮ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, একই আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীকেও এতে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নাশকতার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

মামলার বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, মহাসড়কে নাশকতার ঘটনায় থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।