ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) নাগাদ তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে শহরটিকে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সেনারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি বাহিনীর সদস্যরা এডেন শহরটির চারপাশে পরিখা খনন করছেন এবং বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা দেওয়াল ও অস্থায়ী দুর্গ গড়ে তুলছেন। তবে হুথি যোদ্ধারা সামনে আরও অগ্রসর হলে এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
সেনাবাহিনীর চারটি এবং সরকারের দুটি উচ্চপর্যায়ের সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যে, হুথি বিদ্রোহীরা ইতিমধ্যে পার্শ্ববর্তী লাহজ প্রদেশের দুটি জেলা দখল করে নিয়েছে এবং এখন তারা এডেনের দিকে এগোচ্ছে। সূত্রগুলো জানায়, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবার আল-খারাজ সামরিক ক্যাম্পের কাছে অবস্থান করছেন, যা এডেন শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইয়েমেনের মূল রাজধানী সানা দীর্ঘদিন ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে সেখান থেকেই সব ধরনের রাষ্ট্রীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো বর্তমানে হুথিদের দখলে রয়েছে এবং আরও ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে তারা সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে, হুথিরা এডেন দখলের লক্ষ্যে এগিয়ে আসার প্রেক্ষাপটে ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি এবং সেখানকার একটি বিমানবন্দর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্থায়ী রাজধানী এডেনকে রক্ষার কৌশলগত প্রয়োজনেই সেনাদের ওই অবস্থান থেকে সরিয়ে অন্য জায়গায় মোতায়েন করা হচ্ছে।
অন্যদিকে, হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যে, সরকারি বাহিনী যেসব কৌশলগত এলাকা থেকে সরে গেছে, হুথি যোদ্ধারা ইতিমধ্যে সেসব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন।