শিশুসুলভ শব্দটি যতটা সুলভ হবার কথা ছিল ততটা মনে হয় আর সুলভ নেই। বছরের ছেলেটার পৃথিবী এখন একটা দরজার ওপাশে শুরু হয় না, একটা করিডোরের শেষেই থেমে যায়। শহুরে জীবনের ফ্ল্যাটে তার সীমানা এখন নিজের ঘরের দরজা থেকে সিঁড়ির ল্যান্ডিং পর্যন্তও পৌছায় না। এভাবে শিশুর জগৎ ক্রমশ ছোট হয়ে এসে ঠেকেছে ফ্ল্যাটের চার দেওয়ালে, আর তার ভেতরে একটা স্ক্রিনের চার কোনায়। এটা এখন ঢাকার প্রায় প্রতিটা মধ্যবিত্ত ঘরের নিয়ম। এই যে স্বেচ্ছাবন্দিত্ব, এর পেছনে কোন জুজুর ভয়? সেটা শুধু মাঠের অভাব? নাকি সেটা একটা শহরের প্রতি হারিয়ে যাওয়া বিশ্বাস?
আমাদের বাবা-মায়ের প্রজন্মের কাছে ‘পাড়া’ মানে ছিল একটা চেনা পৃথিবী। পাশের বাসার চাচি, মোড়ের দোকানদার, ছাদে কাপড় মেলতে থাকা প্রতিবেশী; সবাই মিলে একধরনের নজরদারি তৈরি করত, যেখানে একটা শিশু রাস্তায় থাকলেও কেউ না কেউ তাকে চিনত, তার দিকে চোখ রাখত। নগর-সমাজবিজ্ঞানে একে বলা হয় ‘রাস্তার চোখ’! এমন এক অদৃশ্য নিরাপত্তা-বলয়, যা তৈরি হয় পরিচিত মুখের ঘনত্ব থেকে, পুলিশ বা দেওয়াল থেকে নয়। আজকের ঢাকায় সেই পরিচিত মুখগুলো হারিয়ে গেছে।
মনস্তত্ত্ববিদেরা বলেন, একটা শিশুর আত্মপরিচয় তৈরি হয় তিনটি বৃত্তের মধ্য দিয়ে: পরিবার, বন্ধু, আর জায়গা। এই তৃতীয় বৃত্তটা, অর্থাৎ ‘নিজের একটা জায়গা আছে’—এই অনুভূতিটা, শিশুর মনে একধরনের beonging বা মালিকানাবোধ তৈরি করে। যে শিশু পাড়ার মাঠে খেলে বড় হয়, তার কাছে সেই মাঠ, সেই গলি, সেই দোকানের মোড়, এগুলো নিছক জায়গা নয়—এগুলো তার নিজের গল্পের অংশ। এখান থেকেই তৈরি হয় শহরের প্রতি মমত্ববোধ, নাগরিক দায়িত্ববোধ, ‘এই শহরটা আমার’-এই অনুভূতি। আজকের ঢাকার একটা শিশুর কাছে এই বিলংগির (belonging) জায়গাটা প্রায় শূন্য। ফলে বড় হয়ে সে যখন এই শহরের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় বসবে, তখন তার ভেতরে এই শহরের প্রতি কোনো দায়বোধ থাকবে কি, যে শহরের সঙ্গে তার শৈশবে কোনো সম্পর্কই তৈরি হয়নি?
শিশুবিকাশ নিয়ে যারা কাজ করেন, তারা বহুদিন ধরেই বলে আসছেন যে অনিয়ন্ত্রিত, অভিভাবকহীন খোলা জায়গায় খেলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটা মস্তিষ্কের নির্বাহী কার্যক্রম বা executive function গঠনের একটা মৌলিক প্রক্রিয়া। এই মুহূর্তটা আসলে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন, যা পরবর্তী জীবনে জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে। যে শিশু এই অনুশীলনের সুযোগ পায় না, তার মধ্যে ঝুঁকি নেওয়ার সক্ষমতা, অনিশ্চয়তা সহ্য করার ক্ষমতা এবং সামাজিক সমঝোতার দক্ষতা তুলনামূলক কম বিকশিত হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে শিশুবিকাশ-গবেষকেরা মনে করেন। স্ক্রিনের সামনে কাটানো সময় প্রতিক্রিয়া দ্রুত করতে পারে, কিন্তু তা সহনশীলতা, ধৈর্য বা সামাজিক আচরণ শেখায় না।
এমতাবস্থায় আমরা যদি এখনই এই শহরের গায়ে আবার কিছু মাঠ, কিছু চেনা মুখ, কিছু বিশ্বাসের বলয় ফিরিয়ে না আনি, তাহলে যে প্রজন্ম বড় হচ্ছে, তারা এই শহরকে ভালোবাসতে শিখবে না। কারণ ভালোবাসা তৈরি হয় সম্পর্ক থেকে, আর সম্পর্ক তৈরি হয় দেখা থেকে, ছোঁয়া থেকে, ঘ্রাণ থেকে, মুঠোফোনের ছোট্ট স্ক্রিনটা কি আর এত কিছু দিতে পারে?
লেখক: স্থপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নগর গবেষক