ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উঁচু ঢেউ, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে বিশাল আকারের ঢেউ আছড়ে পড়েছে, যার ফলে সমুদ্রসৈকত প্লাবিত হওয়ার পাশাপাশি উপকূলীয় সড়কগুলোতে পানি ঢুকে পড়েছে। প্রবল জলোচ্ছ্বাসের কারণে উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি পরিচিত জেটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ এবং বাসিন্দা ও দর্শনার্থীদের পানি থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুটের (১৫ দশমিক ২ মিটার) বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হলে বিপদ প্রকট হয়ে ওঠে। তবে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিশাল ঢেউয়ে সার্ফিং করতে হাফ মুন বে-এর কাছাকাছি ম্যাভেরিকস সৈকতে ভিড় জমান সার্ফাররা।

জাতীয় আবহাওয়া পরিষেবার বে এরিয়া কার্যালয় সতর্ক করে জানিয়েছে, বিপজ্জনক আকস্মিক ঢেউয়ের পাশাপাশি ৩৫ ফুট (১০ দশমিক ৬ মিটার) পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবহাওয়া দপ্তর বলেছে, ‘পানি থেকে দূরে থাকুন, পাথর ও জেটি থেকে সরে থাকুন এবং কখনোই সমুদ্রের দিকে পেছন ফিরে থাকবেন না!’

এদিকে আরও দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর ক্যাপিটোলার কাছাকাছি এলাকাগুলোর জন্য বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে সান্তা ক্রুজ কাউন্টি শেরিফের কার্যালয়। প্রবল ঢেউয়ের সবচেয়ে বেশি ধাক্কা এই শহরটির ওপর দিয়েই গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া