পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে উঠে আসা সাঁতারুরা একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
সোমবার (১৬ নভেম্বর) রাঙ্গামাটির কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়। কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে সাঁতার শেষ হয় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পর্যটন সুবিধা অবতরণ ঘাটে।
পুরুষ ও নারী বিভাগে প্রাথমিকভাবে ৯ জন করে মোট ১৮ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন। গত সেপ্টেম্বর মাসে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। পাশাপাশি স্বাগতিক জেলা রাঙ্গামাটি থেকে একজন পুরুষ ও একজন নারী সাঁতারু অংশগ্রহণের সুযোগ পান। সব মিলিয়ে প্রতিযোগিতায় অংশ নেন ২০ জন সাঁতারু।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। নারী বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন এবং দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ ছাড়া উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে অসংখ্য প্রতিভাবান সাঁতারু উঠে এসেছেন। তার বিশ্বাস, একদিন এসব সাঁতারু দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ও গৌরব বয়ে আনবেন।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান সাঁতারু তৈরিতে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটির কাপ্তাই লেক জাতীয় পর্যায়ের এ ধরনের ক্রীড়া আয়োজনের জন্য অত্যন্ত উপযোগী। এ প্রতিযোগিতার মাধ্যমে রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা দেশজুড়ে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীরাও খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত হবেন।
পরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতা সফলভাবে শেষ করা প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের দূরপাল্লার সাঁতারে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে কাপ্তাই লেকে আন্তর্জাতিক মানের জলক্রীড়া আয়োজনের সম্ভাবনাও বাড়বে।