আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরের এক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ব্রাজিলের ফুটবল অঙ্গন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। একটি ব্যক্তিগত পার্টিতে তাদের দুজনের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন নেইমার ও ভার্জিনিয়া।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘মেট্রোপোলেস’-এর কলামিস্ট ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদনে দাবি করা হয়, সান্তোস তারকা নেইমার ও ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন। উল্লেখ্য, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন ভার্জিনিয়া।
প্রতিবেদনে ফাবিয়া অলিভেইরা দাবি করেন, গত ৬ নভেম্বর ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত একটি ব্যক্তিগত পার্টিতে এই ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে প্রবেশাধিকার সীমিত ছিল এবং মোবাইল ফোন ব্যবহারেরও অনুমতি ছিল না। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, পার্টিতে ভার্জিনিয়া বসে থাকা নেইমারের কোলে উঠে নাচতে শুরু করেন এবং নেইমার মাইক্রোফোন হাতে তাকে বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেন। অনুষ্ঠানে দুজনেই প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন বলেও দাবি করা হয়। তবে মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় ঘটনার কোনো ছবি বা ভিডিও না থাকায় এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
এদিকে, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই সংশ্লিষ্ট দুই পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
প্রথমে ভার্জিনিয়া ফনসেকার প্রেস অফিস থেকে এক কড়া বিবৃতিতে বলা হয়, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। ভার্জিনিয়াকে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন জল্পনা-কল্পনার জবাব দিতে হচ্ছে, এমন ঘটনা এই প্রথম নয়। তিনি এসব ইঙ্গিত ও অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করছেন। পাশাপাশি সত্যতা যাচাই না করে এবং এসব তথ্য প্রচারের পরিণতি বিবেচনা না করে অনুমাননির্ভর খবরকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করার বিষয়টি তিনি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেই নিজের তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন ভার্জিনিয়া।
অন্যদিকে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে ক্ষোভ ঝেড়েছেন নেইমারও। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড লিখেছেন, অন্য একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়ানো শুরু হয়েছে, যা আমি সম্পূর্ণ অস্বীকার করছি! এমন এক সময়ে বাস করতে হচ্ছে, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতি নিয়ে তৈরি হওয়া আলোচনা এবং শোরগোলকে বেশি গুরুত্ব দেয়—এটা সত্যিই দুঃখজনক। এ বিষয়ে আমার দল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। তবে বিষয়টির ইতি টানতে নিজে থেকেও কথা বলা প্রয়োজন মনে করেছি।