বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালুর জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলেও পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা দেখানো হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি ও এ-সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়ে যাচাই করতে একটি উপকমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া মাঠটির ব্যবস্থাপনা ও পরিচালনা-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করবে এ উপকমিটি।
সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত উপকমিটিতে জাতীয় সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আগামী সভায় উপকমিটিকে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সভায় গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাব-সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে আপত্তি জানায় কমিটি। একই সঙ্গে চুক্তিনামাসহ বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে তৈরি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত করা প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।
সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।