এস আলম গ্রুপের বন্ধ হয়ে থাকা সব শিল্পকারখানা দ্রুত চালু করে চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক-কর্মচারীরা। একইসঙ্গে কারখানা চালুর পর আগের কর্মীদের পুনরায় কাজে যোগদান, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরেন এস আলম গ্রুপের চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তারা। স্মারকলিপিতে তারা এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনেরও দাবি জানান।
স্মারকলিপিতে শ্রমিকরা বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে। দীর্ঘ সময় দিনরাত পরিশ্রম করে উৎপাদন সচল রাখলেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের রুটি-রুজির জায়গা বন্ধ হয়ে যায়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।
তাদের দাবি, মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কারখানা চালুর বিষয়ে কোনো স্থায়ী সমাধান আসেনি। মালিকপক্ষের বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেয়। এতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
শ্রমিকরা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তবে একই ধরনের উদ্যোগ এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। ব্যাংকগুলোর অসহযোগিতা ও অপেশাদার কার্যক্রমের কারণে দেশের একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।
স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, একসময় এসব কারখানায় ২৪ ঘণ্টা উৎপাদন চললেও এখন সেখানে নীরবতা বিরাজ করছে। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে হাজার হাজার শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠেছে। অনেকের বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি খুঁজতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে নতুন নিয়োগের সুযোগ সীমিত থাকায় বিকল্প কর্মসংস্থানও মিলছে না।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। এছাড়া ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্প-কারখানা যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভও করেছেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। তাদের অভিযোগ, শুধু চাকরি হারানোই নয়, নতুন করে কর্মসংস্থান খুঁজতে গিয়েও নানা সমস্যার মুখে পড়ছেন তারা। দীর্ঘদিন বেকার থাকায় পরিবারের আর্থিক সংকট বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালুর চেষ্টা করছে। পাশাপাশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কাজ করছে সরকার।
তথ্যসূত্র: টিবিএস