মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাখি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ অমান্য করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে পাখিগুলো দেশে আনা হয়েছিল। উদ্ধার করা ৮০টি টিয়াপাখির আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।