খুলনার আলোচিত বি কোম্পানির প্রধান রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। এর আগে রোববার দিবাগত রাতে এসআরবি-৬ ও ১ এর যৌথ অভিযানে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজম শেখ খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে। তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় চারটি হত্যা প্রচেষ্টাসহ ১৩ টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
এসআরবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৬ ও এসআরবি-১ এর যৌথ আভিযানিক দল গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় খুলনার বি কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট আজম শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় ৬টি মাদক, ৪টি হত্যা চেষ্টা, ২টি চাঁদাবাজি ও ১টি চুরিসহ মোট ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে।