নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক

বাংলাদেশের নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত ৯৫ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। চলমান ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) বাস্তবায়নে এ অর্থ দেওয়া হচ্ছে। ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত অর্থায়ন চুক্তিতে সই করেন।

ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির জন্য শুরুতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জরুরি প্রয়োজন মোকাবিলায় মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদানে (সিইআরসি) স্থানান্তর করা হয়। নতুন অর্থায়নের মাধ্যমে ওই অর্থের ঘাটতি পূরণ হবে। ফলে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী পরিকল্পিতভাবে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।

২০২৫ সালে শুরু হওয়া প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে। এর মূল লক্ষ্য নগর এলাকার মৌলিক সেবার মান উন্নয়ন, পৌর প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক ব্যবস্থাপনা জোরদার করা। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আদায় বাড়ানো এবং পরিকল্পনা প্রণয়ন, ক্রয় কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর সক্ষমতা বৃদ্ধিও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

ইআরডি জানায়, অতিরিক্ত অর্থায়নের মধ্যে ৯ কোটি ২০ লাখ ডলার আসবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ‘স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন’ থেকে। এ ঋণের বিপরীতে কোনো সুদ, সার্ভিস চার্জ বা কমিটমেন্ট ফি দিতে হবে না। ঋণ পরিশোধের মেয়াদ ১২ বছর। এর মধ্যে প্রথম ছয় বছর থাকবে ঋণ পরিশোধে ছাড়ের সময় বা গ্রেস পিরিয়ড।

অবশিষ্ট ৩০ লাখ ডলার পাওয়া যাবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে। এ অংশের ঋণের সুদের হার ১ দশমিক ৫ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

ইআরডি আরও জানায়, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। অবকাঠামো, জ্বালানি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটির ধারাবাহিক সহায়তা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন।