চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই করদাতারা এ রিটার্ন দাখিল করতে পারবেন।
সার্ভার জটিলতা ও অতিরিক্ত ব্যবহারকারীর চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমানের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। ফলে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।