বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

দিলারা আক্তারের মাইলফলক ছোঁয়া ম্যাচের ফিফটিও বাঁচাতে পারল না বাংলাদেশকে। বোলারদের বিবর্ণ পারফরম্যান্সের সুযোগে স্টিয়ার কালিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস, সেই সাথে নিশ্চিত করেছে সুপার সিক্সও।

রোববার (১৬ নভেম্বর) ওমানের আজমাইনে আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফির ম্যাচে ৫ উইকেটে হেরেছে সোবহানা মোস্তারির দল। ১৩০ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ডাচ মেয়েরা।

‘বি’ গ্রুপে তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় হার। এর আগে আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল তারা। পয়েন্ট টেবিলের চারে নেমে যাওয়ায় এখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। অন্যদিকে, হ্যাটট্রিক জয়ে পরের রাউন্ড নিশ্চিত করলো নেদারল্যান্ডস।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন দিলারা ও শারমিন আক্তার। তবে রানের গতি বাড়াতে পারেননি শারমিন; ২২ বলে করেন ১৯ রান।

অন্য প্রান্তে শুরু থেকেই আস্থার সঙ্গে ব্যাট চালান দিলারা। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে গড়েন ৩০ বলে ৩৯ রানের জুটি। ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নেন তৃতীয় ফিফটি। পঞ্চদশ ওভারে ফেরার আগে ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৫১ রান।

চারে নামা নিগারও এদিন নিজেকে মেলে ধরতে পারেননি, ২২ বলে করেন ২০ রান। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হিদার সিগার্স, ২১ রানে নেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ডাচরা। রাবেয়া খান ও সানজিদা আক্তারের তোপে শুরুটা নড়বড়ে হলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাননি স্টিয়ার কালিস। চার নম্বরে নেমে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ব্যাটার।

শেষ ওভারে জয়ের জন্য ৭ রানের সমীকরণ মাত্র চার বলেই মিলিয়ে দেন ২৭ বছর বয়সী কালিস। ৫০ বলে ৮ চারে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিনি। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রানে ২ উইকেট নেন।

বুধবার আজমাইনেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।