ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির টহল জোরদার

ডিসেম্বর ঘিরে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা জানান বর্ডার গার্ড বাংলাদেশের ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ।

এ সময় তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টর কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ টহল জোরদার করা হয়েছে। যার ধারাবিহকতায় কুমিল্লা সেক্টরে চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বচ্চো সর্তকতা নিয়ে দায়িত্ব পালন করছে। লক্ষ্য হচ্ছে যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামি অবৈধ প্রবেশ ও দেশ ত্যাগ করতে না পারে। সেজন্য প্রতিটি বিওপিকে সব্বোর্চ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর পরিস্থিতিকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই সেক্টরের অধীনে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহিৃত করে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জব্দ করা মালামালের মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসবের সঙ্গে জড়িত ১৫৫ জন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।