ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব মুভমেন্ট ফর রিনিউয়াল (তা'আল) দলের প্রধান আহমাদ তিবি। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার এই রাজনীতিক ইসরায়েলের রাজনীতিতে পরিচিত মুখ। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে রাজনীতিতেই সক্রিয় হয়ে ওঠেন তিনি।
নির্বাচিত হওয়ার পর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আহমাদ তিবি বলেন, তার এই জয় জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর এই জোট সাম্প্রতিক নির্বাচনে ১১টি আসন পেয়েছে।
তিবি বলেন, লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে উসকানি সত্ত্বেও তারা সফল হননি।
আরাফাতের উপদেষ্টা ছিলেন
১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলের তাইবে শহরে জন্মগ্রহণ করেন আহমাদ তিবি। ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত একটি পরিবারে তার জন্ম। শুরুতে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন তিনি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।
তবে চিকিৎসার চেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডেই বেশি সক্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৮৪ সালে তিউনিসিয়ার তিউনিসে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিবি। সে সময় ইসরায়েলি আইনে পিএলওকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হতো।
ইসরায়েলে ফেরার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। পরে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন তিবি।
ওই সম্মেলনে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। তবে অন্যান্য ইসরায়েল-ফিলিস্তিন চুক্তির মতো ওয়াই রিভার সমঝোতাও পরে কার্যত পরিত্যক্ত হয়।
পার্লামেন্টে নানা বিতর্কে জড়িয়েছেন
১৯৯৬ সালে তা'আল দল প্রতিষ্ঠা করেন আহমাদ তিবি। ১৯৯৯ সালে প্রথমবারের মতো ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন তিনি।
নিজেকে ‘ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দেন তিবি। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের পক্ষে। ইসরায়েলকে শুধু ইহুদি রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করে তিনি সব নাগরিকের সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র গঠনের কথা বলে আসছেন।
তার এসব বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ইসরায়েল সরকারের পাশাপাশি দেশটির উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোরও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
২০০০ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদার সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা এরিয়েল শ্যারন আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলে তার মুখোমুখি হন তিবি। এ সময় তাঁর ডান হাত ভেঙে যায়। শ্যারন পরের বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হন।
২০০২ সালে ইসরায়েলের সামরিক অভিযানের সময় জেনিন শরণার্থীশিবিরে প্রবেশ করে সেনাদের মুখোমুখি হওয়ার পর তিবির পার্লামেন্ট সদস্য হিসেবে পাওয়া দায়মুক্তি প্রত্যাহার করে নেয় ইসরায়েল।
পার্লামেন্টে প্রতিবাদের অভিনব পদ্ধতির জন্যও পরিচিত তিবি। ২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মসজিদের মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবিত একটি বিলের প্রতিবাদে নেসেটের অধিবেশনকক্ষে আজান দেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েলের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন আহমাদ তিবি।