বিচারকের খাসকামরায় আগুন, পুড়েছে মামলার নথিসহ আসবাবপত্র

চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের খাসকামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে আদালতের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নাজির আকাশ নাথ অফিসে এসে বিচারকের কক্ষ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কক্ষের ভেতরের আগুন নিভে যায়।

আগুনে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আদালতের নাজির আকাশ নাথ জানান, সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের খাসকামরায় থাকা ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কক্ষের একটি এসি, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি বুকশেলফ, একটি এক্সিকিউটিভ চেয়ার, ওয়াশরুমের সরঞ্জামসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের উৎস নিয়ে আদালতপাড়ায় নানা জল্পনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। কারও কারও ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত; আবার অনেকেই ঘটনাটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ বা নাশকতা বলে সন্দেহ করছেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিচারকের খাসকামরার একপাশের একটি জানালা অরক্ষিত অবস্থায় ছিল। ওই অরক্ষিত জানালা দিয়ে বাইরে থেকে কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। রাউজান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়্যদ গোলাম সরোয়ার বলেন, আগুনের ঘটনার পর সাময়িকভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখায় বহু সেবাপ্রার্থী কাজ না সেরেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত আদালতের স্বাভাবিক কার্যক্রম সচল করার দাবি জানান।