জাপানের ঋণ ছাড়াই মাতারবাড়ীতে নতুন কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রের দ্বিতীয় পর্বে দেশীয় অর্থায়নে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পরিবেশগত কারণ দেখিয়ে এ পর্বে অর্থায়ন ও ঋণ না দেওয়ার সিদ্ধান্ত চার বছর আগেই জানিয়েছিল জাপান। নতুন পরিকল্পনায় বিদ্যমান কেন্দ্রের পাশে তৃতীয় ও চতুর্থ ইউনিট স্থাপনে ব্যয় ধরা হয়েছে ১৯ হাজার ৮৩৯ কোটি টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মাতারবাড়ী জ্বালানি হাব জাপানের পরামর্শে ডিজাইন করা হলেও তারা পরিবেশগত কারণ দেখিয়ে দ্বিতীয় পর্বের একটি বিদ্যুেকন্দ্রে অর্থায়ন থেকে সরে গেছে। এ পরিপ্রেক্ষিতে সরকার নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এজন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

জানা যায়, প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে ১৭ হাজার ৫১১ কোটি টাকা সরকারি কোষাগার থেকে এবং ২ হাজার ৩২৮ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রস্তাবে বিদেশি অর্থায়ন ধরা হয়নি। ডিপিপিতে মার্কিন ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতি ডলারে ১২২ টাকা ৯৮ পয়সা ধরে প্রস্তাবিত ব্যয় প্রায় ১৬১ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত । অনুমোদন পাওয়ার পর সিপিজিসিবিএল নির্মাণকাজ শুরু করবে।

কেন্দ্রটি দুই ইউনিটের প্রতিটির ক্ষমতা হবে ৬০০ মেগাওয়াট। সে হিসাবে মোট ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এ জন্য ইতিমধ্যে প্রকৌশল পরামর্শক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিপিজিসিবিএল।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের ২২ জুন জানায়, কয়লাভিত্তিক বিদ্যুৎ উত্পাদন নিয়ে আন্তর্জাতিক আলোচনার গতিপ্রকৃতি বিবেচনায় এবং বাংলাদেশের সঙ্গে পরামর্শ করে মাতারবাড়ীর দ্বিতীয় পর্বে সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় ঋণ দেওয়ার প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া হবে না। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের ঐ কর্মকর্তা জানান, গ্যাস বা এলএনজি দিয়ে প্রস্তাবিত কেন্দ্রটি পরিচালনা করার সুযোগ নেই বললেই চলে। তাই কেন্দ্রটি কয়লাভিত্তিক জ্বালানিতে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মাতারবাড়ীর প্রথম পর্বের প্রকল্প অনুমোদন পায় ২০১৪ সালের আগস্টে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণসহায়তায় সেখানে ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপন করা হয়। ঐ প্রকল্পের আওতায় কয়লা খালাসের জেটি, নৌ চ্যানেল ও আবাসন সুবিধাও গড়ে তোলা হয়েছে। সিপিজিসিবিএলের ২০২৪-২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম ইউনিটে কয়লা দিয়ে পরীক্ষামূলক উত্পাদন শুরু হয় ২০২৩ সালের আগস্টে।

সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মাতারবাড়ীর ১ হাজার ২০০ মেগাওয়াটের প্রথম পর্বের প্রাক্কলিত ব্যয় ৫৬ হাজার ৬৯৩ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে জাইকার প্রকল্প ঋণ ৪৭ হাজার ৯৪৫ কোটি ৩ লাখ টাকা। প্রস্তাবিত দ্বিতীয় পর্বের পুরো ব্যয় দেশীয় উত্স থেকে জোগানোর কথা বলা হয়েছে।

এদিকে প্রথম ধাপের জাইকা ঋণের একটি কিস্তির অর্থ ব্যবহার ও পরিশোধের দায়িত্ব নির্ধারণে সরকার ও সিপিজিসিবিএলের মধ্যে সাবসিডিয়ারি লোন অ্যাগ্রিমেন্ট (এসএলএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে স্বাক্ষরিত ঋণচুক্তির বিপরীতে এ ব্যবস্থা নিতে গত সপ্তাহে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।