স্বাস্থ্য খাতের সুশাসন কেন জরুরি

বর্তমানে জনজীবনে স্বাস্থ্যসেবা এক প্রকার পণ্য এবং চিকিৎসা যেন এক অবধারিত দরকষাকষির বিষয়ে পরিণত হইয়াছে। অথচ চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে রাষ্ট্রের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত। আধুনিক কল্যাণকর রাষ্ট্রে শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতি অগ্রাধিকার প্রদানের বিকল্প নাই। কেননা ইহা ছাড়া দক্ষ ও সবল জনশক্তির বিকাশ আশা করা যায় না। জাতীয় উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইহা জরুরি ও অপরিহার্য; কিন্তু তৃতীয় বিশ্ব তথা উন্নয়নশীল বহু দেশে আজ স্বাস্থ্যব্যবস্থা বড়ই ভঙুর। সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশ হেলথ ওয়াচ'-এর ২০২৫-২৬ দ্বিবর্ষিক প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের যে হতাশাজনক চিত্ৰ ফুটিয়া উঠিয়াছে, তাহা উদ্বেগজনক। আসলে স্বাস্থ্য খাতের দুর্নীতি কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত অসদাচরণ নহে, বরং ইহা আমাদের দুর্বল শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর এক গভীর সংকটের বহিঃপ্রকাশ।

আলোচ্য প্রতিবেদনে বলা হইয়াছে, ডায়াগনস্টিক সেন্টারসমূহ চিকিৎসকদের পরীক্ষার ফি ২০ হইতে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন প্রদান করিয়া থাকে, যাহার বাৎসরিক পরিমাণ প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা। এই অনৈতিক প্রতিযোগিতার কারণে সাধারণ রোগীদের ঘাড়ে চাপিয়া বসে অপ্রয়োজনীয় টেস্ট বা পরীক্ষানিরীক্ষার বোঝা। অন্যদিকে, সরকারি হাসপাতালে ১০ হইতে ৭০ শতাংশ পর্যন্ত চিকিৎসকের অনুপস্থিতি, কর্মস্থলের অনুপযুক্ত পরিবেশ এবং বাজারমূল্যের চাইতে বহু গুণ অধিক দামে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের মতো মারাত্মক অনিয়ম মানিয়া লওয়া যায় না। শুধু তাহাই নহে, তথ্য গোপন কিংবা বিকৃত করার মতো ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ এবং হাসপাতালের টিকিট, হুইলচেয়ার, শয্যা ও রক্তের মতো অতি প্রয়োজনীয় ক্ষেত্রে অনানুষ্ঠানিক অর্থ আদায়ের সংস্কৃতি স্বাস্থ্য খাতকে দিনদিন কঙ্কালসার করিয়া তুলিতেছে। এই অচলাবস্থা কাটাইয়া উঠিতে শুধু সরকারের কার্যকর পদক্ষেপ নহে, সাধারণ জনগণের সচেতনতার প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। বিশেষ করিয়া, অযথা ও অপ্রয়োজনীয় পরীক্ষার ফাঁদে বা দালালদের প্ররোচনায় না পড়িয়া যাচাই- বাছাইপূর্বক চিকিৎসা গ্রহণ করিতে হইবে। চিকিৎসাকেন্দ্রে কোনো অনিয়ম বা অনৈতিক লেনদেনের শিকার হইলে তৎক্ষণাৎ প্রতিবাদ ও কর্তৃপক্ষের নিকট অভিযোগ দাখিল করিতে হইবে। তাহারা এইভাবে সচেতনতার পরিচয় দিয়া অভিযোগ প্রদান ও প্রতিবাদ অব্যাহত রাখিলে আশা করা যায় পরিস্থিতির কিছুটা উন্নতি হইতে পারে। এই ক্ষেত্রে স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে কমিশনভিত্তিক রেফারেল প্রথা আইন করিয়া নিষিদ্ধ করা প্রয়োজন। ইহার বরখেলাপকারীদের বিরুদ্ধে প্রয়োজন আইনানুগ ব্যবস্থা গ্রহণ। সরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করিতে কঠোর ডিজিটাল মনিটরিং ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করা বাঞ্ছনীয়। মানহীন ডায়াগনস্টিক সেন্টার ও অপরিকল্পিত মেডিক্যাল কলেজসমূহের উপর দরকার নিয়ন্ত্রণমূলক সংস্থাসমূহের নিয়মিত তদারকি ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। ইহার সহিত স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানো উচিত। উচিত তথ্য গোপন করিবার সংস্কৃতি বন্ধ করা।

প্রকৃতপক্ষে একটি সুস্থ ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়িয়া তোলা ব্যতীত একটি কল্যাণমুখী রাষ্ট্রের বিকাশ অকল্পনীয়। তাই দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য খাতের এই দুর্নীতির কালো ছায়া দূর করা আজ সময়ের সবচাইতে বড় দাবি। একজন সরকারি চাকরিজীবী বেতন নিতেছেন অথচ দিনের পর দিন হাসপাতালে অনুপস্থিত থাকিতেছেন! ঐ সময়টায় আবার প্রাইভেট প্র্যাকটিসও করিতেছেন। ইহা কেবল মগের মুল্লুকেই সম্ভব। এই ধরনের মন-মানসিকতার লোকদের সরকারি চাকুরি করিবার কী দরকার? সরকারি হাসপাতালের টিকিট, হুইলচেয়ার পাওয়া, শয্যা পাওয়া, ভর্তি, ছাড়পত্র—এই সকল ক্ষেত্রে কেন অনানুষ্ঠানিক ব্যয় করিতে হইবে? এক ওয়ার্ড হইতে রোগীকে অন্য ওয়ার্ডে নেওয়া, রক্ত সংগ্রহ, সার্জারির তারিখ পাওয়া – ইহার প্রতিটি ক্ষেত্রে কেন টাকা চাওয়া স্বাভাবিক ঘটনায় পরিণত হইবে? অতএব, এই সকল সমস্যার আশু সমাধান করা একান্ত বাঞ্ছনীয়।