ক্ষমতাহীন বা ক্ষমতাসীন যে কোনো অবস্থান থেকেই জোরজবরদস্তি তথা নাশকতায় আওয়ামী লীগ হিম্মতওয়ালা দল। যে কোনো অঘটন ঘটিয়ে নিজেদের প্রাসঙ্গিক রাখার যাবতীয় চর্চায় সিদ্ধহস্ত। কারো কাছে দলটির বিশেষত্ব, সৌন্দর্য, কারো ভাষায় ন্যাচার অব পলিটিকস । সময়ের ব্যবধানে গত কদিন দলটি আবার সেই সক্ষমতার জানান দিচ্ছে। প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়াসহ নানা কাণ্ডকীর্তি। তা চলছে ডিসেম্বর সামনে রেখে একটা রিহার্সালের মতো ।
রাজনীতিতে মাঠ পর্যায়ে বড় ধরনের কর্মসূচির খবর কম থাকলেও স্যোশাল মিডিয়ায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের তৎপরতার মধ্য দিয়েই চলছিল দলটির কার্যক্রম। ডিসেম্বর সামনে রেখে তা আরেকটু বাড়তে থাকে। সেখানে হঠাৎ যোগ হয়েছে নাশকতা, চোরাগুপ্তা কার্যক্রম; বেগবান করতে বিভিন্ন অনলাইনভিত্তিক টিম কাজ করছে। এর পেছনে অর্থ জোগান দিতে গত ১৭ বছরের আওয়ামী সুবিধা নেওয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির খবরও পাওয়া গেছে। বিদেশি বিভিন্ন মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠিয়ে ডিসেম্বরের আন্দোলনের জন্য অর্থ চাইছে আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন পেজ। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক। সব রাজনৈতিক দলের আন্দোলনের কেন্দ্রবিন্দু এই মহাসড়ক। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে তাণ্ডব চালানোর পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। এর আগে মহড়া হিসেবে চালানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সিরিজ ককটেল নিক্ষেপ, গাড়িতে হামলা- আগুন, গ্রেনেড পুঁতে রাখা, সড়ক অবরোধের মতো ঘটনা । ভয় জাগানিয়া এ পথে প্রাসঙ্গিকতা খোঁজার নষ্ট পথে অভ্যস্ত আওয়ামী লীগ এতে সুফল দেখছে। রাজনীতিতে দলটি আলোচিত হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে হাইপ ঘুরছে, নগদে এটাই প্রাপ্তি । এসবের পেছনে সীমান্তের ওপারে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ইন্ধন সুস্পষ্ট। জড়িত অভিযোগে কিছু ধরপাকড় হলেও ঘটনা ও সংখ্যাগত বিচারে তা তেমন উল্লেখযোগ্য নয়। কার্যক্রম-নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশে অস্থিতিশীলতা তৈরির ছক সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একদম অন্ধকারে আছে—বিষয়টি এমন নয়। তাদের তথ্যভান্ডারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশসহ ১০৩ কিলোমিটার এলাকার ১৪টি চিহ্নিত পয়েন্টে নাশকতার ছকের তথ্য আছে। বিভিন্ন শ্রমিক আন্দোলন ও অসন্তোষের সুযোগ নিয়ে মিরপুর-১০, গাজীপুরের কোনাবাড়ী, জরুন, কাশিমপুর এবং মহাখালীর মতো এলাকায় গাড়িতে আগুন, ভাঙচুর ও হামলার পেছনের তথ্যও আছে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত পহেলা অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ককটেল বিস্ফোরণ ও পরিবহনে অগ্নিসংযোগের যে ৩১টি ঘটনা নথিভক্ত করা হয়েছে, এগুলোতে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাত্রাগতভাবে তারা বেশি প্রকাশ্য হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায়। সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষও করেছে। টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা লগি- বইঠা ও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পালটাধাওয়া হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। কোটালীপাড়ায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে। লগি- বইঠা নিয়ে পদ্মা সেতুর কাছে অবরোধ-ভাঙচুর, ককটেল বিস্ফোরণও করেছে।
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড পুঁতেছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। দেশের আরো বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক অস্তিত্ব জানান দিচ্ছে । তাদের এ প্রথা বা চর্চাটি পুরোনো। এবার প্রেক্ষিতে ভিন্নতা। আওয়ামী লীগ অতীতে করেছে বলে এবারও করবে, করতেই থাকবে—এভাবে ভাবা যায় না। এমনটি ভাবা মানে বিষয়টিকে অগ্রাহ্য করা । একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও নিয়মিত গণপরিবহন ব্যবহারকারীরা এখন বেশি চিন্তিত । একসময় বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় দেশীয়ভাবে তৈরি বোমার ব্যাপক ব্যবহার ছিল, স্থানীয়ভাবে যা 'ককটেল' নামে পরিচিত। বিশেষ করে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘাতের মধ্যে প্রায়ই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত ।
প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? পুলিশের ভাষ্য, এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ার কারণ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। এসবের মোকাবিলার প্রস্তুতি হিসেবে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটকথা সরকারের, পুলিশের ব্যস্ততা বেড়েছে। মানুষ ভয় পাচ্ছে। আওয়ামী লীগের চাওয়া সেটাই। তাদের ভাবনাটাও পরিষ্কার । গুপ্ত হামলা, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, নাশকতার মতো ঘটনা সরকারকে বিব্রত করবে, মানুষ খেপবে, আওয়ামী লীগ আলোচিত ও প্রাসঙ্গিক থাকবে। তাদের হিসাব বরাবর এমনই । এই বুঝে অনেক প্রাপ্তিও মিলেছে দলটির।
বিশ্ব জুড়ে অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশেও। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করছে, ঠিক তখনই এ ধরনের ঘটনা ঘটছে। গণপরিবহনে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন, চলন্ত বাস থেকে যাত্রীদের হুড়োহুড়ি করে নেমে প্রাণ বাঁচানোর আকুল চেষ্টা, আর নির্জন রাজপথ কিংবা ব্যস্ত মোড়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ—এ যেন সেই পুরোনো ও অতিপরিচিত কোনো চিত্রনাট্যের নতুন পর্ব। এমন প্রেক্ষাপটে নাশকতা, সহিংসতা ও দেশবিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের
ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাই সামনে এসেছে । নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলায় বিভাজনের পরিবর্তে জাতীয় স্বার্থে সমন্বিত অবস্থানই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা
রাখতে পারে ।
আগে এসব চর্চা হয়েছে, কোনো দল করেছে বলে এখনো করবে? করতে দেওয়া হবে? দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টি করবে, সেটা মানা যায় না । এসব করলে বিহিত কী তা আইনে বলা আছে । জনগণের দ্বারা নির্বাচিত সরকারের দায়িত্ব সেই আইন কার্যকর করা । তার মানে দায় এবং দায়িত্ব পুরোটা সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনীর? মোটেই না । এখানে রাজনৈতিক শক্তি, বিশেষ করে চব্বিশের বিজয়ী রাজনৈতিক সব শক্তিরই ভূমিকা রাখার বিষয় রয়েছে। তাদের অনৈক্য নাশকতাকারীদের উৎসাহিত করছে, তা দিবালোকের মতো সত্য। বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারা শক্তিশালী ও ফ্যাসিবাদ বিন্যাস করতে হলে তাদের দায়, সফলতা, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে । সরকারের ব্যর্থতার সমালোচনা অবশ্যই করতে হবে। কিন্তু, তাই বলে বিরোধী দলের রাজপথ তামা করে দেওয়া বা আরেকটি বিপ্লব ঘটানোর সময় এখনো আসেনি। সরকারকে অস্থিতিশীল করার হুমকি, অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি এবং একটি বিশ্বব্যাপী স্বীকৃত নির্বাচনের পরও জনমনে রাজনৈতিক অনিশ্চয়তার ভয় তৈরি করা কোনোভাবেই যৌক্তিক বা গ্রহণযোগ্য নয় । নিজেরা যূথবদ্ধ না থেকে কথায় কথায় আওয়ামী লীগের নাম উচ্চারণ, আওয়ামী লীগের সঙ্গে কার বেশি আঁতাত—এ ধরনের বয়ান নাশকতার ছক আঁকা শক্তির জন্য প্রণোদনার। এর সুবাদে সেই সুযোগটা তারা নেবে ।
লেখক : সাংবাদিক-কলামিস্ট