সেঞ্চুরি করতে না পারলে চিঠি পকেটেই থেকে যেত: লিটন 

তাওহিদ হৃদয়ের পর জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করেছেন লিটন দাস। তিন অঙ্কের ঘর স্পর্শ করে ভিন্নধর্মী উদযাপন করেন এই উইকেটরক্ষক ব্যাটার। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হন লিটন। এ সময় নিজের সেঞ্চুরি ও মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করা নিয়েও কথা বলেন তিনি।

সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পর পকেট থেকে একটা কাগজও বের করেন লিটন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এটা আমার পঞ্চম টেস্ট। ভেতরে মাইন্ডসেট ছিল যে, এই ট্যুরে কিছু করার। করতে পেরেছি, খুব ভালও লাগছে। যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, রুমে গিয়ে চিন্তা করছিলাম, আমার বউ ও মেয়ের সাথে কথা হয়েছে। আজকে মেয়ের জন্মদিন ছিল। ভাবছিলাম কীভাবে ওকে সারপ্রাইজ দেওয়া যায়। এটা তখনও মনে হয়নি। সকালে মনে হয়েছে এমন কিছু করা যায় কি না। যদি না হতো, ওটা হয়ত পকেটেই থেকে যেত।’

মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়ের জন্মদিন আজ। আজ আমার মেয়ের বয়স মাত্র ৩ বছর হলো। আমি যখন ঘরে থাকি, সে সবসময় বলে, বাবা আমি সেঞ্চুরি চাই। এই সেঞ্চুরিটা ওর জন্য। অবশ্যই, আমি ওকে মিস করছি। ওর জন্মদিন, বিশেষ একটা দিন। আর ইমোশনাল হওয়ার কারণ, এটা দক্ষিণ আফ্রিকায় আমার ৫ম টেস্ট। আমি এখানে দলের জন্য স্পেশাল কিছু করতে মুখিয়ে ছিলাম। সব মিলিয়ে আমি খুব খুশি।’ 

সেঞ্চুরি করতে না পারলে চিঠি থেকে যেতে পকেটে জানিয়ে লিটন বলেন, ‘মেয়ের সাথে কথা হয়নি। ও তো অনেক ছোট, এগুলো বুঝবে না। এটা আমার ভেতরে ছিল। নিজের ভেতরে রেখেছিলাম যদি স্পেশাল কিছু করতে পারি ওকে উৎসর্গ করব। যেহেতু সামনে তাকে পাচ্ছি না। তার জন্য অনেক কিছু করতে পারছি না। অন্তত সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়।’