পদত্যাগের ঘোষণা জয় চৌধুরীর

চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বাধীন ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান জয়। হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

জয়ের অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এমনকি তার সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় কথা বলেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। রোববার বিকেলে এ নিয়ে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ওই সময় জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করেন হেলাল খান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান। সদস্যসচিব হিসেবে রয়েছেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন জয় চৌধুরী। এবার সেই দায়িত্ব থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

জয়ের এই সিদ্ধান্তে চলচ্চিত্রের সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্ব নিয়ে টানাপোড়েন নতুন করে সামনে এসেছে।