ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলেই কি একটি সমাজ উপনিবেশমুক্ত হয়? রাষ্ট্রের মানচিত্র বদলায়, পতাকা বদলায়, শাসকের ভাষাও বদলাতে পারে। কিন্তু পৃথিবীকে বোঝার, জ্ঞানকে মূল্যায়ন করার এবং ভবিষ্যৎ নির্মাণের যে ছক একসময় শাসক তৈরি করে দিয়ে গেছেন, তা যদি অক্ষত থাকে, তাহলে স্বাধীনতার অর্থ কতখানি পূর্ণ হয়? এই প্রশ্ন কেবল রাজনীতি কিংবা ইতিহাসের নয়, আমাদের শহর, কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থাপত্যের মধ্যেও এর উত্তর খুঁজতে হয়।
বাংলাদেশের রংপুরে কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড কারখানাটি এই প্রশ্ন নতুন করে সামনে এনেছে। স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকারের নেতৃত্বে নকশাবিদ আর্কিটেক্টসের নকশায় নির্মিত কারখানাটি ২০২৬ সালের ১৫ অক্টোবর রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬ অর্জন করেছে। পুরস্কারটি গুরুত্বপূর্ণ, কিন্তু ভবনটির তাৎপর্য কি কেবল আন্তর্জাতিক স্বীকৃতিতে সীমাবদ্ধ? এর গভীরতর সম্ভাবনা নিহিত রয়েছে অন্য জায়গায়: এই কারখানা আমাদের প্রচলিত শিল্পস্থাপত্য, পরিবেশগত জ্ঞান এবং শ্রমিকের মর্যাদা সম্পর্কে প্রতিষ্ঠিত ধারণাগুলোকে নতুন করে ভাবার সুযোগ করে দেয়। একে বিউপনিবেশায়নের দৃষ্টিতে পড়ার অবকাশও এখানেই।
স্বাধীনতার পরও জ্ঞানের উপনিবেশ
ঔপনিবেশিকতা কেবল একটি ভূখণ্ড দখল করে রাখার ব্যবস্থা নয়; দীর্ঘকাল ধরে এটি নির্ধারণ করেছে কোন জ্ঞানকে আধুনিক বলা হবে, কোন প্রযুক্তিকে উন্নত বলে মানা হবে, কোন জীবনপদ্ধতিকে পশ্চাৎপদ বিবেচনা করা হবে। স্বাধীনতার পরেও এসব মানদণ্ড নানা প্রতিষ্ঠানের মাধ্যমে টিকে থাকতে পারে, স্থাপত্যেও তার প্রকাশ দেখা যায়।
শিল্পকারখানার প্রচলিত চিত্রটি আমাদের পরিচিত, বিশাল কংক্রিটের কাঠামো, বন্ধ দেয়াল, যান্ত্রিক শীতাতপনিয়ন্ত্রণ, উৎপাদনের জন্য সাজানো মেঝে এবং শ্রমিকের চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা। এমন ভবন যেন ধরে নেয়, শ্রমিকের শরীর উৎপাদনের একটি উপকরণ মাত্র; ভবনের কাজ সেই শরীরকে যতটা সম্ভব দীর্ঘ সময় উৎপাদনক্ষম রাখা। আলো, বাতাস, অবসর, প্রকৃতি কিংবা সামাজিক সম্পর্কের প্রশ্নগুলো সেখানে প্রায়ই গৌণ হয়ে পড়ে।
এই মডেলকে সরাসরি ঔপনিবেশিক স্থাপত্যের সমার্থক বলা যাবে না, শিল্পায়ন, পুঁজির সংগঠন, শ্রমের নিয়ন্ত্রণ এবং জলবায়ুগত বাস্তবতা মিলিয়েই আধুনিক কারখানার রূপ তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন করা যায়, আধুনিকতাবাদী বা আন্তর্জাতিকতাবাদী শিল্পস্থাপত্যের নামে আমরা যে এমন একটি সর্বজনীন ছক মেনে নিচ্ছি, তা স্থানীয় পরিবেশ, শ্রমজীবী মানুষের অভিজ্ঞতা এবং নিজস্ব জ্ঞানকে যথেষ্ট গুরুত্ব দেয় কি?
বিউপনিবেশায়ন মানে বিদেশি প্রযুক্তি প্রত্যাখ্যান করা নয়, কিংবা অতীতের কোনো আদর্শায়িত স্থানীয় জীবনে ফিরে যাওয়া নয়। বরং প্রশ্ন হলো, কোন জ্ঞানকে আমরা সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি হিসেবে গ্রহণ করছি, কার অভিজ্ঞতাকে মূল্য দিচ্ছি এবং ভবিষ্যৎ নির্মাণের অধিকার কার হাতে রাখছি।
স্থানীয় জ্ঞান কি আধুনিকতার বিপরীত?
বাংলার বসতবাড়ির দিকে তাকালে দেখা যায়, ছায়া, উঠান, বারান্দা, গাছপালা, বাতাস চলাচলের পথ এবং পানির উপস্থিতি দীর্ঘকাল ধরে বসবাসের পরিবেশ গঠনে ভূমিকা রেখেছে। এগুলো কেবল সাংস্কৃতিক স্মারক নয়; এগুলো স্থানীয় জলবায়ু ও জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা স্থানিক জ্ঞানের অংশ।
কিন্তু আধুনিকতার প্রচলিত ভাষায় এই জ্ঞানকে অনেক সময় প্রযুক্তিগত উদ্ভাবনের তুলনায় কম গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়, যেন আধুনিক হতে হলে স্থানীয় অভিজ্ঞতাকে পেছনে ফেলে অন্য কোথাও তৈরি করা কোনো নকশাভাষা গ্রহণ করতে হবে।
দার্শনিক ও গবেষক ডোনা হারাওয়ে তার ‘সিচুয়েটেড নলেজ’ প্রবন্ধে জ্ঞানকে কোনো নিরপেক্ষ, সর্বদর্শী অবস্থান থেকে উৎপন্ন বলে বিবেচনা করার ধারণাকে প্রশ্ন করেছেন। তার আলোচনার প্রাসঙ্গিকতা এখানে এই যে, জ্ঞান সব সময়ই কোনো না কোনো অবস্থান, অভিজ্ঞতা ও পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। স্থাপত্যের ক্ষেত্রেও জলবায়ু, ভূপ্রকৃতি, উপকরণ, সংস্কৃতি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে বাদ দিয়ে কোনো নকশাকে সর্বজনীন সমাধান বলে ধরে নেওয়া সমস্যাজনক।
এই দৃষ্টিতে কারুপণ্য কারখানার তাৎপর্য স্থানীয় উপকরণ ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং ভবনটি দেখায়, বাংলার জলবায়ু ও বসতবাড়ির স্থানিক অভিজ্ঞতা শিল্পস্থাপত্যেরও ভিত্তি হতে পারে। সাততলা ভবনটির উঠান, গভীর বারান্দা, জলাধার, স্থানীয় উদ্ভিদ সমন্বিত বাগান ও সবুজ আবরণ প্রাকৃতিক আলো, ছায়া এবং বাতাসের চলাচলকে নকশার কেন্দ্রে নিয়ে এসেছে। জলাধারের ওপর দিয়ে প্রবাহিত বাতাস, চারটি উল্লম্ব অ্যাট্রিয়াম এবং উষ্ণ বাতাসের ঊর্ধ্বমুখী চলাচলকে কাজে লাগিয়ে ভবনটির অভ্যন্তর অপেক্ষাকৃত ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পসংক্রান্ত প্রকাশিত বিবরণে অভ্যন্তরের তাপমাত্রা বাইরের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম রাখার কথা বলা হয়েছে; পাশাপাশি যান্ত্রিক শীতাতপনিয়ন্ত্রণের ওপর নির্ভরতা কমানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এই কৌশলগুলোকে কেবল ঐতিহ্যের পুনরাবৃত্তি হিসেবে দেখলে ভুল হবে। এখানে স্থানীয় অভিজ্ঞতা, সমসাময়িক প্রকৌশল এবং পরিবেশগত নকশা একসঙ্গে কাজ করছে। স্থপতি কেনেথ ফ্র্যাম্পটনের 'ক্রিটিকাল রিজিওনালিজম’ এর ধারণাও এই আলোচনায় প্রাসঙ্গিক। ফ্র্যাম্পটন এমন এক স্থাপত্যের পক্ষে যুক্তি দিয়েছিলেন, যা বৈশ্বিক আধুনিকতার সঙ্গে সম্পর্ক বজায় রেখেও স্থানীয় ভূগোল, জলবায়ু, উপকরণ ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়।
তবে স্থানীয় উপকরণ কিংবা প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবহার করলেই কোনো স্থাপত্য স্বয়ংক্রিয়ভাবে বিউপনিবেশিক হয়ে ওঠে না। প্রশ্নটি আরও গভীর: স্থানীয় জ্ঞান কি কেবল নকশার অলংকার, নাকি সিদ্ধান্ত গ্রহণের প্রকৃত ভিত্তি? কারুপণ্য কারখানাকে বিউপনিবেশায়নের দৃষ্টিতে পড়ার যুক্তি নিহিত রয়েছে এই প্রশ্নের মধ্যেই।
কারখানা কি কেবল উৎপাদনের যন্ত্র?
কারখানাকে সাধারণত উৎপাদনের জায়গা হিসেবে কল্পনা করা হয়। সেখানে শ্রমিক প্রবেশ করেন, কাজ করেন, তারপর বেরিয়ে যান। ভবনের মূল্যায়নেও উৎপাদনক্ষমতা, ব্যয়, নিরাপত্তা ও পরিচালনগত দক্ষতা প্রধান হয়ে ওঠে। কিন্তু যে মানুষগুলো প্রতিদিন ভবনটিকে জীবন্ত রাখেন, তাদের জীবনযাপন ও মর্যাদা কি এই হিসাবের বাইরে থাকবে?
রিবা প্রকাশিত প্রকল্প-বিবরণ অনুযায়ী, কারুপণ্য কারখানার প্রায় পাঁচ হাজার কর্মীর মধ্যে চার হাজারই নারী। তাদের জন্য রয়েছে শিশুযত্নকেন্দ্র, চিকিৎসাসেবা, প্রার্থনার জায়গা, মুদিপণ্য কেনার সুবিধা এবং বাগানসহ বিভিন্ন অবসর ও সামাজিক পরিসর। ভবনটির নকশা কর্মীদের কেবল উৎপাদনের অংশ হিসেবে নয়, বরং নিজস্ব প্রয়োজন ও সামাজিক জীবনসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করার চেষ্টা করেছে।
এখানে স্থাপত্যের সামাজিক অর্থটি গুরুত্বপূর্ণ। একটি কারখানা শুধু কাজ করার জায়গা নয়; সেটি মানুষের শরীর, সময়, চলাচল ও পারস্পরিক সম্পর্ককে সংগঠিত করে। কোথায় প্রবেশ করা যাবে, কে কোন পথ ব্যবহার করবে, কোথায় বসা যাবে, কোথায় বিশ্রাম নেওয়া যাবে, কার জন্য কোন জায়গা উন্মুক্ত থাকবে - এসব সিদ্ধান্তের মধ্য দিয়েই স্থানের সামাজিক বিন্যাস তৈরি হয়।
সমাজতাত্ত্বিক ও দার্শনিক অঁরি লেফেভর তার 'দ্য প্রডাকশন অফ স্পেস’ গ্রন্থে স্থানকে নিছক ভৌত আয়তন হিসেবে না দেখে সামাজিক সম্পর্ক ও ক্ষমতার মধ্য দিয়ে উৎপাদিত বাস্তবতা হিসেবে ব্যাখ্যা করেছেন। এই ধারণা থেকে কারুপণ্য কারখানাকে পড়লে প্রশ্ন ওঠে, ভবনের স্থানিক বিন্যাস কি প্রচলিত শ্রমিক-ব্যবস্থাপনার সম্পর্ককে অপরিবর্তিত রাখছে, নাকি কিছু ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি করছে?
কারখানাটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, শ্রমিক ও ব্যবস্থাপনার জন্য আলাদা প্রধান প্রবেশপথের বদলে একটি অভিন্ন প্রবেশপথ ও সিঁড়ির ব্যবস্থা। যে স্থাপত্যে প্রবেশের অধিকার প্রায়ই পদমর্যাদা ও সামাজিক অবস্থানের প্রকাশ হয়ে ওঠে, সেখানে এই অভিন্ন পরিসর অন্তত স্থাপত্যের ভাষায় একটি ভিন্ন অবস্থান তৈরি করে। তবে একই প্রবেশপথ ব্যবহারের অর্থ এই নয় যে কর্মক্ষেত্রের সব ক্ষমতার বৈষম্য বিলুপ্ত হয়েছে, স্থাপত্যগত সমতা এবং বাস্তব কর্মসম্পর্কের সমতা এক বিষয় নয়।
এই পার্থক্যটি মনে রাখা জরুরি। কোনো ভবনের নকশা সামাজিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে; কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে কতখানি কার্যকর হয়, তা নির্ভর করে ব্যবস্থাপনা, শ্রমনীতি, কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিজস্ব অভিজ্ঞতার ওপরও।
কার কণ্ঠে শ্রমিকের মুক্তির গল্প?
কারুপণ্য কারখানার নারী শ্রমিকদের জীবন ও সামাজিক অবস্থানে ইতিবাচক পরিবর্তনের কথা রিবার প্রকল্প-বিবরণে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শ্রমিকেরা কাজের সময়ের বাইরেও ছুটিরদিনে পরিবার ও বন্ধুদের নিয়ে কারখানায় আসেন। প্রবেশপথে স্থাপিত ‘বনলতা’ ভাস্কর্যটিকেও নারীর শক্তি ও ক্ষমতায়নের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
এগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ। যে কর্মস্থল সাধারণত শ্রমিকের দৈনন্দিন বাধ্যবাধকতার জায়গা, সেটি যদি তাদের কাছে এমন একটি পরিসর হয়ে ওঠে যেখানে তারা স্বেচ্ছায় ফিরে আসতে চান, তাহলে সেই সম্পর্কটি অনুসন্ধানের দাবি রাখে। তবে এই দৃশ্য থেকে শ্রমিকদের জীবনে মুক্তি বা ক্ষমতায়নের সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায় না, তাদের নিজেদের অভিজ্ঞতা, মতামত ও আপত্তি সরাসরি জানা প্রয়োজন।
গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ‘ক্যান দ্য সাবআল্টার্ন স্পিক?’ প্রবন্ধটি এখানে সতর্কতার একটি গুরুত্বপূর্ণ পাঠ দেয়। প্রান্তিক মানুষের হয়ে কথা বলা আর তাদের নিজেদের কণ্ঠকে শোনা এক বিষয় নয়। কোনো স্থাপত্যকে শ্রমিকবান্ধব ঘোষণা করার সময়ও প্রশ্ন করতে হয়: শ্রমিকেরা নিজেরা এই ভবনকে কীভাবে দেখেন? তাদের প্রয়োজন নির্ধারণে তারা কতখানি অংশ নিয়েছেন? নকশার কোন দিক তাদের কাজে লাগে, আর কোন দিক তাদের অভিজ্ঞতার সঙ্গে মেলে না?
একইভাবে, আন্তোনিও গ্রামশির আধিপত্য ও অধস্তন সামাজিক গোষ্ঠীসংক্রান্ত আলোচনা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা শুধু প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে না; প্রচলিত ধারণা ও স্বাভাবিক বলে মেনে নেওয়া ব্যবস্থার মধ্য দিয়েও তা টিকে থাকে। শিল্পকারখানায় শ্রমিকের জন্য কেমন পরিবেশ যথেষ্ট বলে বিবেচিত হবে, সেটিও এমন প্রতিষ্ঠিত ধারণার অংশ হতে পারে। কারুপণ্য কারখানার সম্ভাবনা তাই শুধু নতুন নকশায় নয়; বরং শ্রমিকের প্রাপ্য পরিবেশ সম্পর্কে আমাদের প্রত্যাশা পুনর্বিবেচনার মধ্যেও।
এই কারণেই শ্রমিকের মর্যাদার আলোচনা কেবল বাগান, ভাস্কর্য কিংবা সুন্দর প্রবেশপথের বর্ণনায় শেষ হওয়া উচিত নয়। ন্যায্য মজুরি, নিরাপত্তা, কর্মঘণ্টা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং কাজের পরিবেশের বাস্তব মান - এসবও সমান গুরুত্বপূর্ণ। স্থাপত্য এই প্রশ্নগুলোর বিকল্প নয়; বরং এগুলোর সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
সৌন্দর্য কি কেবল অভিজাতের অধিকার?
আমাদের সমাজে সৌন্দর্য, অবসর এবং প্রকৃতির সান্নিধ্যকে অনেক সময় বিশেষ শ্রেণির মানুষের প্রাপ্য বলে কল্পনা করা হয়। সুন্দর বাগান, ছায়াঘেরা পথ, খোলা উঠান কিংবা শিল্পসম্মত স্থাপত্য যেন আবাসিক এলাকা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিংবা বিলাসবহুল স্থাপনার জন্য সংরক্ষিত। কারখানার ক্ষেত্রে প্রত্যাশা অনেক সরল: কাজ চলবে, উৎপাদন হবে, শ্রমিকেরা তাদের দায়িত্ব পালন করবেন।
কারুপণ্য কারখানা এই বিভাজনকে প্রশ্ন করার সুযোগ দেয়। এখানে সবুজ পরিসর, জলাধার, প্রাকৃতিক আলো, ছায়া এবং বিশ্রামের জায়গা উৎপাদনের বাইরের কোনো অতিরিক্ত সাজসজ্জা হিসেবে রাখা হয়নি; বরং কর্মস্থলের অভিজ্ঞতার অংশ করা হয়েছে। ভবনটি লিড প্ল্যাটিনাম সনদও অর্জন করেছে, যদিও পরিবেশগত সনদ একা শ্রমিকের কল্যাণ কিংবা স্থাপত্যের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে না।
স্থানের সামাজিক অধিকার নিয়ে লেফেভরের চিন্তা এখানে আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার ‘রাইট টু দ্য সিটি’ ধারণাকে সরাসরি কারখানার অধিকারতত্ত্ব হিসেবে চালিয়ে দেওয়া ঠিক হবে না, তবে তার থেকে অনুপ্রাণিত হয়ে একটি বিস্তৃত প্রশ্ন তোলা যায়: যে স্থানে মানুষ প্রতিদিনের জীবনের বড় অংশ ব্যয় করেন, সেই স্থানের গুণমান, ব্যবহার ও সামাজিক অভিজ্ঞতার ওপর তাদের কি দাবি থাকা উচিত নয়?
এই প্রশ্নের উত্তর শুধু স্থপতির হাতে নেই। মালিক, ব্যবস্থাপক, শ্রমিক, নীতিনির্ধারক এবং বৃহত্তর সমাজ - সব পক্ষেরই ভূমিকা আছে। তবু স্থাপত্য এই দাবিকে দৃশ্যমান করতে পারে। একটি কারখানা শ্রমিককে কেবল উৎপাদনের উপাদান হিসেবে বিবেচনা না করে তার বিশ্রাম, সামাজিকতা ও পরিবেশগত সুস্থতাকে গুরুত্ব দিতে পারে - এই ধারণাটিই এখানে গুরুত্বপূর্ণ।
প্রান্ত কি কেন্দ্রকে নতুন কিছু শেখাতে পারে?
রিবা ইন্টারন্যাশনাল প্রাইজের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ প্রতীকী মুহূর্ত। ব্রিটিশ স্থাপত্য প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক স্বীকৃতি এমন একটি ভবনকে ঘিরে, যার নকশায় স্থানীয় জলবায়ু, বাংলার বসতবাড়ির অভিজ্ঞতা, প্রাকৃতিক উপাদান এবং শ্রমিকের দৈনন্দিন জীবন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
“এই স্থাপত্যটি কেবল কোনো শিল্প উৎপাদনের স্থান নয়; এটি একটি ক্রিয়াশীল আর্থসামাজিক বাস্তুসংস্থান যেখানে প্রকৃতির পানি, বাতাস এবং উদ্ভিদ মানুষের শ্রম ও নান্দনিকতার সাথে মিশে একটি আত্মমর্যাদাপূর্ণ জীবন তৈরি করে।”
একটি আন্তর্জাতিক পুরস্কার ঔপনিবেশিক ক্ষমতার ইতিহাস মুছে দেয় না, কিংবা বৈশ্বিক স্থাপত্যজগতের জ্ঞানগত বৈষম্য দূর করে না। কিন্তু এটি একটি প্রশ্ন উত্থাপনের সুযোগ দেয়: আধুনিক স্থাপত্যের নতুন সম্ভাবনা কি কেবল বৈশ্বিক কেন্দ্রগুলো থেকেই আসবে, নাকি রংপুরের মতো জায়গায় স্থানীয় বাস্তবতার সঙ্গে কাজ করতে গিয়েও তা তৈরি হতে পারে?
বিউপনিবেশায়নের সবচেয়ে বড় ঐতিহাসিক তাৎপর্য ও কালের পরিহাস লুকিয়ে রয়েছে এই আন্তর্জাতিক স্বীকৃতির উৎসটিতেই। দ্বিশতাব্দীর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমাদের প্রাতিষ্ঠানিক ও মানসিকভাবে শিক্ষা দিয়েছিল যে উপমহাদেশের বা বঙ্গীয় বদ্বীপের নিজস্ব জ্ঞান, স্থানীয় বাস্তুসংস্থান ও লোকজ নির্মাণশৈলী ‘অনগ্রসর’ ও ‘অপ্রসংগিক’; আর পশ্চিমা আধুনিকতা ও প্রযুক্তিই সভ্যতার একমাত্র প্রমিত মাপকাঠি। যে ব্রিটিশ প্রাতিষ্ঠানিক মনন একসময় সাম্রাজ্যবাদী কাঠামোর মাধ্যমে অনুশাসকের ভূমিকায় থেকে আমাদের শেখাত ‘তোমাদের জ্ঞান অপরিপক্ব’, আজ সেই যুক্তরাজ্যের সর্বোচ্চ স্থাপত্য সংস্থা রয়েল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস - রিবা কালোত্তীর্ণ স্থানিক জ্ঞান ও লোকজ বাস্তুসংস্থান বিদ্যার অবলম্বনে গড়ে ওঠা রংপুরের এই দেশীয় সংবেদনশীলতার সামনে দাঁড়িয়ে তাকে বিশ্ব স্থাপত্যের সুদূরপ্রসারী ভবিষ্যতের অনুকরণীয় মডেল হিসেবে ঘোষণা করছে। এটি কেবল একটি আন্তর্জাতিক সম্মাননা নয়; এটি কেন্দ্রের দিকে প্রান্তের এক অভূতপূর্ব তাত্ত্বিক দিক পরিবর্তন। স্বয়ং ব্রিটিশদের থেকে পাওয়া এই স্বীকৃতি প্রমাণ করে যে, এতদিন ধরে যে বদ্বীপের জ্ঞানকে ‘অনুন্নত’ বলে অবহেলা করা হয়েছিল, জলবায়ু সংকট ও মানবিক শোষণের এই আধুনিক যুগে সেই কালোত্তীর্ণ লোকায়ত প্রজ্ঞাই আজ বিশ্ব স্থাপত্যকে পথ দেখানোর ক্ষমতা রাখে। এটিই স্থানিক ও জ্ঞানতাত্ত্বিক বিউপনিবেশায়নের সবচেয়ে বড় বিজয়।
বিউপনিবেশায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, বৈশ্বিক দক্ষিণকে কেবল বাইরের জ্ঞান ও প্রযুক্তির গ্রহীতা হিসেবে না দেখে জ্ঞান উৎপাদনের সক্রিয় ক্ষেত্র হিসেবে স্বীকার করা। এই স্বীকৃতি স্থানীয় সব কিছুকে ভালো এবং বিদেশি সব কিছুকে খারাপ বলে ঘোষণা করার নাম নয়। বরং কোন জ্ঞান কোথায় কার্যকর, কার প্রয়োজন পূরণ করে, কোন পরিবেশগত বাস্তবতায় কাজ করে এবং কার অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়—সেসব বিচার করার সক্ষমতা অর্জন করা।
কারুপণ্য কারখানার অভিজ্ঞতা তাই অনুকরণের জন্য আরেকটি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত নকশা তৈরি করার আহ্বান নয়। বরং এটি আমাদের নিজেদের শিল্পস্থাপত্যের প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করতে শেখাতে পারে। ভবিষ্যতের কারখানা কেমন হবে, তা নির্ধারণের সময় স্থানীয় জলবায়ু, পরিবেশগত দায়, শ্রমিকের মর্যাদা ও নিজস্ব স্থানিক জ্ঞানকে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে আনতে হবে।
বিউপনিবেশায়ন শেষ পর্যন্ত কোনো অতীতমুখী প্রত্যাবর্তন নয়। এটি ভবিষ্যৎ নির্মাণের স্বাধীনতা নিয়ে প্রশ্ন। আমরা কি অন্যের তৈরি ছক অনুসরণ করেই নিজেদের আধুনিকতার সংজ্ঞা নির্ধারণ করব, নাকি নিজেদের ইতিহাস, পরিবেশ, শ্রম ও জ্ঞান থেকে নতুন সম্ভাবনা তৈরি করব?
রংপুরের এই কারখানাকে সেই সম্ভাবনার একটি উদাহরণ হিসেবে পড়া যায়। এর মূল্য কেবল ইট, কংক্রিট, সবুজ দেয়াল কিংবা আন্তর্জাতিক পুরস্কারে নয়। এর বড় তাৎপর্য হলো, এটি আমাদের ভাবতে শেখায়—শিল্পের ভবিষ্যৎ এমনও হতে পারে, যেখানে উৎপাদন ও পরিবেশ, প্রযুক্তি ও স্থানীয় জ্ঞান, কর্মস্থল ও মানুষের মর্যাদা পরস্পরের প্রতিদ্বন্দ্বী না হয়ে একই স্থাপত্যিক প্রশ্নের অংশ হয়ে ওঠে।
সেই প্রশ্ন থেকেই বিউপনিবেশায়নের যাত্রা শুরু হতে পারে: আমরা কেমন ভবন নির্মাণ করছি, তার পাশাপাশি, আমরা কার জ্ঞান দিয়ে, কার জন্য এবং কোন ভবিষ্যতের কল্পনায় সেই ভবন নির্মাণ করছি?
লেখক: স্থপতি, শিক্ষক ও গবেষক