বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। অথচ উপজেলা সদরে জরুরি ও উন্নত চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নন্দীগ্রাম পৌর শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল বাজার এলাকায় অবস্থিত। ফলে পৌর শহর ও আশপাশের এলাকার রোগীদের জরুরি মুহূর্তে সেখানে পৌঁছাতে সময় ও অর্থ দুটোই ব্যয় করতে হয়। এমন পরিস্থিতিতে পৌর এলাকায় নির্মিত ২০ শয্যার আধুনিক হাসপাতালটি দুই যুগেও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় চিকিৎসাসংকট আরও প্রকট হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর নন্দীগ্রাম পৌর শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিজ্ঞ চিকিৎসক পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয়। এতে জরুরি রোগীদের ভোগান্তি বাড়ে।
সম্প্রতি নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা গ্রামের অটোরিকশাচালক জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, তাঁকে বগুড়ায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁদের ধারণা, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
জানা গেছে, ২০০১-২০০২ অর্থবছরে বিএনপি সরকারের আমলে নন্দীগ্রাম পৌর এলাকায় ২০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০২ সালের ৮ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ২০০৬ সালের ১৮ অক্টোবর তৎকালীন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা হাসপাতালটি উদ্বোধন করেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে হাসপাতালটির অবকাঠামো ও আনুষঙ্গিক কাজে ব্যয় হয় ৩ কোটি ৫৪ লাখ টাকা। তবে উদ্বোধনের পরও হাসপাতালটিতে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হয়নি। বর্তমানে বহির্বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহমিদা হরকিল জানান, গত মাসে বহির্বিভাগ থেকে মোট ১ হাজার ১৭৩ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে বর্তমানে হাসপাতালে কোনো মেডিকেল অফিসার পদায়ন নেই। ১৩টি অনুমোদিত পদের মধ্যে মেডিকেল অফিসারের পদটি শূন্য রয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালটির অবকাঠামোর অবস্থাও নাজুক। ছাদ, দরজা ও জানালা নষ্ট হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রক্রিয়া চলছে। এখানে চিকিৎসক, নার্স, মেডিকেল সহকারী, ফার্মাসিস্ট, ওয়ার্ডবয়, অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ মোট ১৩টি পদ অনুমোদিত রয়েছে। তবে বর্তমানে মেডিকেল অফিসার পদে কোনো চিকিৎসক নেই। অন্তর্বিভাগে রোগী ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া বন্ধ থাকায় হাসপাতালের নার্স ও ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ কয়েকটি পদের কর্মীদের অন্যত্র প্রেষণে দায়িত্ব পালন করতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালটি নির্মাণ ও উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার আনুষঙ্গিক ব্যবস্থা গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু না হওয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নন্দীগ্রাম সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে নন্দীগ্রাম পৌরসভাসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বিবেচনা করেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
তিনি বলেন, হাসপাতালটি চালু হলে স্থানীয় মানুষ হাতের কাছেই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে জরুরি রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে। হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন। এটি দ্রুত চালুর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে জরুরি রোগী পরিবহনে ভোগান্তি কমাতে মোশারফ হোসেন ব্যক্তিগত উদ্যোগে নন্দীগ্রাম পৌরসভাকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন।