জাতীয় নিরাপত্তার স্বার্থে জর্ডান ও ইরাকে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। আম্মান জানিয়েছে, অবৈধ বিষয়বস্তু ও ‘চরমপন্থী উপাদান’ প্রচার রোধ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এক খবর জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর (পিএসডি) এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে। গত মাসে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলায় নয়জন নিহত হওয়ার পর চলমান নিরাপত্তা অভিযানের মধ্যেই এই সিদ্ধান্ত এল। পিএসডি নাগরিকদের ‘সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে, অজানা উৎসের অ্যাকাউন্ট, লিংক বা সত্তার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে এবং যেকোনো বেআইনি কার্যকলাপ বা বিষয়বস্তু সরকারি চ্যানেলের মাধ্যমে জানাতে’ আহ্বান জানিয়েছে।

পশ্চিম-মধ্য কারাক গভর্নরেটের হামুদ গ্রামে গির্জায় ওই গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল এবং রোববার ওই হামলার দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই ঘটনার জেরে জর্ডান প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায়, যাতে গির্জা হামলার সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-এর ২০ জনেরও বেশি সদস্য নিহত হয় বলে আম্মান জানিয়েছে। এছাড়া চলতি মাসে আম্মানে কর্তৃপক্ষের ভাষায় আরেকটি ‘সন্ত্রাসী হামলায়’ একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অন্যজন আহত হন।

অন্যদিকে ইরাকের মিডিয়া ও যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, টেলিগ্রামকে ইরাকি বিষয়বস্তু পর্যালোচনা করতে এবং আইন লঙ্ঘন রোধে ব্যবস্থা নিতে বাধ্য করার জন্যই এই অবরোধ আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘পরিচালনাকারী সংস্থাটি প্ল্যাটফর্মে প্রকাশিত নিয়মবহির্ভূত বিষয়বস্তু মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং ইরাকি আইন মেনে চলেনি।’ তারা সংস্থাটিকে শর্ত পূরণের জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে, তবে এরপর কী ঘটবে তা স্পষ্ট করেনি।

উল্লেখ্য, ইরাক এর আগে ২০২৩ সালেও জাতীয় নিরাপত্তার উদ্বেগ এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রাখার কথা বলে অ্যাপটি ব্লক করেছিল, যা অ্যাপটি সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ ছিল।

২০১৩ সালে রুশ বংশোদ্ভূত উদ্যোক্তা পাভেল দুরভ প্রতিষ্ঠিত এই অ্যাপটি আইএসআইএল-এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করে বলে ধারণা করা হয়। এ বিষয়ে টেলিগ্রামের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্বাসিত জীবনযাপন করছেন বলে ধারণা করা দুরভ বেশ কয়েকটি দেশে তদন্তের মুখোমুখি হয়েছেন এবং গত জুলাইয়ে রাশিয়া ‘সন্ত্রাসবাদে’ সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

টেলিগ্রাম এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট সমর্থন করলেও এর সব কথোপকথন এনক্রিপ্টেড নয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এই মেসেজিং অ্যাপটি বেশ জনপ্রিয় এবং বিশ্বব্যাপী এর মোট ব্যবহারকারীর প্রায় ৮ শতাংশই এই অঞ্চলের।

সূত্র: আল জাজিরা