সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকারের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কীভাবে এই তদারকি চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা কোনো সমস্যা নয়, প্রজাতন্ত্রের কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজও করছেন। কিন্তু চাকরিরত অবস্থায় কেউ যদি নিষিদ্ধ দলটির সঙ্গে যুক্ত থাকেন, তবে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।

তদারকির প্রক্রিয়া সম্পর্কে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের নিজস্ব ‘মেকানিজম’ ও প্রচুর হাতিয়ার রয়েছে। সরকার যদি কারও বিষয়ে তথ্য পেতে চায়, তবে তা বের করতে পারে। তবে এই তদারকি ঠিক কীভাবে পরিচালিত হচ্ছে, তা বলা যাবে না বলে স্পষ্ট উল্লেখ করেন তিনি।