সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই সদস্যের নাম ও পদবি জানা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে রয়েছে। আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।