ক্রিকেট থেকে অবসর, আইপিএলের নতুন দায়িত্বে ধোনি

দীর্ঘ ১৯ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না তার। আইপিএল ২০২৭ মৌসুমে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ক্রিকইনফো-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, চেন্নাই সুপার কিংস আনুষ্ঠানিকভাবে ধোনির নতুন দায়িত্বের কথা জানিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় পরবর্তী আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে এই ঘোষণা আসে।

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, ‘এমএস ধোনিকে ছাড়া সিএসকে কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় ও সব ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একে অপরের পাশাপাশি হেঁটেছি এবং বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটিই কারণ—আমরা কখনো কারও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এই যাত্রাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে প্রথম নিলামে ধোনিকে দলে ভেড়ানোর স্মৃতিচারণ করে শ্রীনিবাসন আরও বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম ধোনিকে সিএসকের অংশ হতেই হবে... এটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তার সব অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে তিনি যেমন, সে কারণেই। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এটিই সবসময় তার ঘর হয়ে থাকবে।’

গত তিন আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর ২০২৭ আইপিএলের জন্য কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে চেন্নাই। নতুন এই কোচিং প্যানেলে প্রধান কোচ জহির খানের সঙ্গে কাজ করবেন ধোনি। এছাড়া সহকারী কোচ হিসেবে অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম, বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জেমস ফস্টার।

জানা যায়, ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী নিলামে চেন্নাইয়ে যোগ দিয়ে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল ক্যারিয়ার গড়েন ধোনি। তার নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা জেতে চেন্নাই। 

একইসঙ্গে ২০১০ ও ২০১৪ সালে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও ঘরে তোলে দলটি। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুবার শিরোপা জয় এবং একই বছরে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তিও গড়ে চেন্নাই।

আইপিএলের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতেই চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন ধোনি। ফ্র্যাঞ্চাইজিটি দুই মৌসুম নিষিদ্ধ থাকায় ২০১৬ ও ২০১৭ সালে তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টের প্রতিনিধিত্ব করেছিলেন। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন এই উইকেটকিপার-ব্যাটার।