যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল, দাবি বিশেষজ্ঞের

যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড ছিল বলে দাবি করেছেন মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান। তার মতে, পেছন থেকে দড়ি বা অনুরূপ কোনো বস্তু দিয়ে শ্বাসরোধ করে এপস্টেইনকে হত্যা করা হয়। পরে সেই বস্তু ব্যবহার করেই ঝুলিয়ে রাখা হয় তার মরদেহ।

সোমবার (১৬ নভেম্বর) বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিশ্লেষণের কথা তুলে ধরে এ দাবি করেন ফ্রিম্যান।

২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় জেফরি এপস্টেইনকে। যৌন পাচারের মামলায় বিচার শুরুর অপেক্ষায় ছিলেন তিনি। সে সময় ময়নাতদন্তের পর তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয়।

তবে এপস্টেইনের ভাই মার্কের কাছ থেকে পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদন ও ছবি বিশ্লেষণ করে ভিন্ন মত দিয়েছেন ফ্রিম্যান। সোমবার লন্ডনে নিজের অনুসন্ধানের ফলাফল প্রকাশ করেন তিনি। যদিও এপস্টেইনের মরদেহ সরাসরি পরীক্ষা করেননি এই ফরেনসিক বিশেষজ্ঞ।

ফ্রিম্যানের বিশ্লেষণে বলা হয়েছে, এপস্টেইনের বাম কাঁধে গভীর রক্তক্ষরণের পাশাপাশি মুখেও আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া গলায় দড়ির দাগের ওপর নখের আঁচড়ের মতো কিছু চিহ্ন পাওয়া যায়। তার ধারণা, শ্বাসরোধের সময় গলা থেকে দড়ি সরানোর চেষ্টা করায় এমন চিহ্ন তৈরি হয়ে থাকতে পারে। এসব আলামত আত্মহত্যার ঘটনার সঙ্গে মেলে না বলে দাবি তার।

তবে ফ্রিম্যানের এই বিশ্লেষণ এখনো অন্য স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হয়নি। অন্যদিকে, এপস্টেইনের ময়নাতদন্তকারী চিকিৎসক তার মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করেন। নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ও আগের সিদ্ধান্ত পরিবর্তন করেনি।

এপস্টেইনের মৃত্যুর পর থেকেই কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে নজরদারি ক্যামেরার ফুটেজে তিন মিনিটের ব্যবধান এবং তার কক্ষের বাইরের দুটি ক্যামেরা অকার্যকর থাকার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। ফ্রিম্যানের নতুন বিশ্লেষণকে কেন্দ্র করে সেই পুরোনো বিতর্ক আবারও আলোচনায় এসেছে।